ভারতের কঠোর সমালোচনায় নেপাল
ভারতের কঠোর সমালোচনা করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। নেপালের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি ভারত জাতিসংঘের মানবাধিকার পরিষদে তোলায় গত শুক্রবার কাঠমান্ডুতে প্রতিবেশী দেশটির সমালোচনায় মুখর হন তিনি। খবর আইএএনএসের।
নেপালে কয়েক দশকব্যাপী দ্বন্দ্ব-সহিংসতায় ঘটে যাওয়া যুদ্ধাপরাধের প্রসঙ্গটি সম্প্রতি প্রথমবারের মতো জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের সভায় তোলে ভারত। এতে অন্তর্বর্তীকালীন বিচার-প্রক্রিয়াকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে নেপালের প্রতি আহ্বান জানানো হয়।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে কে পি শর্মা জানতে চান, নেপালে শান্তি-প্রক্রিয়ায় জাতিসংঘ সম্পৃক্ত আছে, এটা কীভাবে ভারত না জেনে পারে। তিনি বলেন, ভারত কোনো সময় অন্তবর্তীকালীন বিচার-প্রক্রিয়া বা এর কার্যক্ষমতা নিয়ে প্রকাশ্যে তার অবস্থান জানায়নি। কিন্তু তা না করে বিষয়টি একটি আন্তর্জাতিক পরিষদে তুলল।
অলি বলেন, ‘আমরা অতীতে যুদ্ধের মোকাবিলা করেছি। পরে আমরা উপলব্ধি করেছি, সব সময় যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমরা শান্তি-প্রক্রিয়া শুরু করেছি।’
সশস্ত্র সংঘাত নিরসনে কাঠমাণ্ডু জাতিসংঘে আমন্ত্রিত এ কথা উল্লেখ করে নেপালের প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতে সংঘাতে জড়িত দলগুলো আজ একত্র। সরকারের থাকুক বা না থাকুক, তারা আজ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সংস্কারের পথে রয়েছে।’