নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে চীন সরকারের বিরোধিতার প্রতি সমর্থন জানিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে লেনদেনের ব্যাপারে ভারত ‘কিছুটা অহংকারী’ আচরণ করছে। পশ্চিমাদের আশকারায় ‘বখে যাওয়ার’ কারণেই নয়াদিল্লি এমনটা করছে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমস গতকাল এক সম্পাদকীয় নিবন্ধে লিখেছে, এনএসজির সদস্য হওয়ার পথে নিয়মনীতিই ভারতের বাধা হয়েছে, চীন নয়। নৈতিক বাধ্যবাধকতার কারণেই ভারতের আবেদনে চীন ও অন্য সদস্যের বাধা দেওয়া উচিত। পত্রিকাটি আরও লিখেছে, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা বিশ্ব ভারতের অনেক কাজকর্মে উৎসাহ দিচ্ছে, কিন্তু চীনকে নিরুৎসাহিত করছে। ভারত বখে গেছে। দক্ষিণ এশীয় দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) চীনের মাত্র ২০ শতাংশ। তবু পশ্চিমারা ভারতকেই ‘সোনার ছেলে’র তকমা দিচ্ছে!
এনডিটিভি