ভারত সরকার সুপ্রিম কোর্টকে লিখিতভাবে জানিয়েছে, প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী ভারতে বসবাস করছে এবং তাদের কারণে দেশটির জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ভারত সরকারের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ভারত সরকারের এই বক্তব্যের মানে হলো হাজার হাজার রোহিঙ্গাকে সমবেতভাবে শাস্তি দেওয়া। কোনোভাবে রোহিঙ্গা শরণার্থীদের বের করে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া যায় না।
এইচআরডব্লিউর দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বিবিসিকে বলেন, ৪০ হাজার রোহিঙ্গার মধ্যে কেউ কেউ সিকিউরি রিস্ক (নিরাপত্তা ঝুঁকি) হতে পারে। সবাই তো আর সিকিউরি রিস্ক নয়। ফলে কালেকটিভ পানিশমেন্ট করা উচিত নয়। কারও ব্যাপারে সন্দেহ বা অভিযোগ থাকলে তাদের বিচারের মুখোমুখি করা উচিত। কিন্তু সবাইকে বের করে দেওয়া হবে, এমনটা সব যুক্তি এবং নীতিবিরোধী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতে অবস্থান করা সব রোহিঙ্গাই সন্ত্রাসী কাজের সঙ্গে যুক্ত নয়। তিনি বলেন, ‘আমি মনে করি অল কমনার্স আর নট টেররিস্ট (সব সাধারণ মানুষ সন্ত্রাসী নয়)।’ তিনি বলেন, কোনো নির্দোষ রোহিঙ্গা যাতে বিপদে না পড়ে, সেদিকে দৃষ্টি দেওয়া উচিত সরকারের।
মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ভারতে থাকা রোহিঙ্গাদের কারও বিরুদ্ধে কিন্তু জঙ্গি কার্যকলাপের অভিযোগে মামলা নেই। তিনি বলেন, ৪০ হাজারের সবাই যদি নিরাপত্তা ঝুঁকি হতো, তাহলে এত দিন কেন কেউ পদক্ষেপ নেওয়া হয়নি। এটা হতেই পারে না যে ভারতে ৪০ হাজার লোক নিরাপত্তা ঝুঁকি। কিন্তু কোনো পুলিশ কেস (মামলা) নেই।