এ বছর ভারতের সঙ্গে সম্পর্কের আরও উন্নতি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও ভারত দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ‘কার্যকর ব্যবস্থা’ নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল সোমবার চীন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি। খবর সিনহুয়া ও টাইমস অব ইন্ডিয়ার।
গতকাল বেইজিংয়ে চীনা পার্লামেন্টে সুষমা দেখা করেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। এ সময় শি জিনপিং আরও বলেন, ‘চীন ও ভারতের সম্পর্কের ভবিষ্যতের ওপর আমার পূর্ণ আস্থা আছে। এ বছর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আরও উন্নতির সম্ভাবনা আছে।’
চীনের প্রেসিডেন্ট মন্তব্য করেন, গত বছর তাঁর ভারত সফরের পর থেকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন অধ্যায়ের’ সূচনা হয়েছে।
বেইজিংয়ে প্রথা ভেঙে সুষমার সঙ্গে দেখা করেন চীনের প্রেসিডেন্ট। শি জিনপিং খুব কমই বিদেশি পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ দেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন চীন সফরের প্রস্তুতি নিতে সুষমা স্বরাজ গত শনিবার চার দিনের রাষ্ট্রীয় সফরে সে দেশে গেছেন। আগামী মে মাসে মোদি চীন সফর করবেন।
এর আগে সুষমা স্বরাজ রোববার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন তাঁদের প্রধান অগ্রাধিকারের তালিকায়। দুটি বৃহৎ উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভারত উভয়েই একটি স্বতন্ত্র, শান্তিপূর্ণ বৈদেশিক নীতির পক্ষে। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চীনের প্রধান অগ্রাধিকারের তালিকায় রয়েছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ভালো বন্ধুর সম্পর্ক থাকা দরকার। নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক ও কৌশলগত যোগাযোগ বাড়ানো এবং সীমান্ত বিরোধ নিরসন করে এ অঞ্চলে শান্তি অব্যাহত রাখার পক্ষে চীনা মন্ত্রী মত দেন।