ভারত-চীন ২৬টি বাণিজ্য চুক্তি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের শেষ দিনে গতকাল শনিবার চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ২ হাজার ২০০ কোটি ডলারের ২১টি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, বন্দর নির্মাণ, বাণিজ্য অঞ্চল তৈরি—এসব খাতেই এই অর্থ বিনিয়োগ হবে বলে গতকাল বেইজিংয়ে ভারতীয় দূতাবাস সূত্র জানিয়েছে। খবর রয়টার্স ও হিন্দুস্তান টাইমসের।
তিন দিনের সফরের শেষ দিনে গতকাল সাংহাইয়ে চীনের প্রধান ২২টি শিল্পপ্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি বলেন, ‘ভারত বাণিজ্যের জন্য তৈরি। আপনারা পরিবর্তনের একটা বাতাস অনুভব করেছেন নিশ্চয়ই। আমি নিজে আপনাদের কর্মকাণ্ড দেখভাল করব।’ মোদি চীনকে ‘বিশ্বের কারখানা’ হিসেবে আখ্যা দিয়ে তাঁর ‘মেক ইন ইন্ডিয়া’ বা ‘ভারতে তৈরি করুন’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। বৈঠকে উপস্থিত চীনের বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবার প্রধান নির্বাহী জ্যাক মা বলেন, ‘ভারতের বিষয়ে আমাদের বিপুল আগ্রহ আছে। মেক ইন ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া নিয়েও আমাদের আগ্রহ আছে।’
চীন এখন ভারতের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ। ২০১৪ সালে দুই দেশের মধ্যে ৭ হাজার ১০০ কোটি ডলারের বাণিজ্য হয়। তবে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি বাড়ছে ব্যাপক হারে। ২০০১-০২ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ছিল ১০০ কোটি ডলার। গত বছর এটি দাঁড়ায় ৩ হাজার ৮০০ কোটি ডলার।
গত শুক্রবার ভারত ও চীন সামরিক সহযোগিতার বিষয়ে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করে। এ ছাড়া দুটি দেশের মধ্যে সীমান্ত সমস্যার রাজনৈতিক সমাধানের বিষয়ে ঐকমত্য ঘোষণা করা হয়। তবে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি কম। কেননা দুটি দেশই ‘যত দ্রুত সম্ভব ন্যায্য, যৌক্তিক এবং উভয়ের কাছে গ্রহণযোগ্য সমাধানের’ পক্ষে কথা বলে। মোদির সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি খেছিয়াংয়ের মধ্যে বৈঠকের পর এমন ঘোষণা আসে। গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেন মোদি। বিশ্বের প্রথম ও তৃতীয় কার্বন নিঃসরণকারী দেশ চীন ও ভারত উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু পরিবর্তন খাতে আরও বিনিয়োগ করতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। এ বিষয়ে এক বিরল যৌথ বিবৃতিতে দেশ দুটি আরও অর্থ, প্রযুক্তি এবং অন্যান্য সহযোগিতা দেওয়ার আহ্বান জানায়। সার্বিকভাবে এশিয়ার দুই বৃহৎ প্রতিবেশীর মধ্যে সম্পর্ক উষ্ণতর হওয়ার লক্ষণই দেখা গেছে মোদির সফরে। মোদি গতকাল বিকেলে মঙ্গোলিয়ার উদ্দেশে চীন ছাড়েন। সেখান থেকে তিনি যাবেন দক্ষিণ কোরিয়ায়।