ভারত-নির্ভরতা কমাতে চীন ও নেপালের মধ্যে জ্বালানি চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে চীন থেকে জ্বালানির সরবরাহ পেতে বেইজিংয়ের সঙ্গে একটি চুক্তি করেছে নেপাল। দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি চীন সফরের সময় ওই চুক্তিতে সই করেন। এ বিষয়ে গত বুধবার বেইজিংয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
ভূমিবেষ্টিত দেশ নেপালের সঙ্গে গত কয়েক মাস ধরে প্রতিবেশী ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে। বেইজিংয়ের যৌথ বিবৃতিতে বলা হয়, চীন থেকে নেপালে জ্বালানি তেল সরবরাহের জন্য বেইজিং ও কাঠমান্ডু একটি বাণিজ্যিক চুক্তি সম্পাদন করেছে। নেপালি কর্মকর্তারা চুক্তিটিকে স্বাগত জানালেও দুর্গম পার্বত্য পথে তেল আমদানি করা কঠিন হবে বলে সতর্ক করে দিয়েছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নেপাল অয়েল করপোরেশনের উপমহাপরিচালক সুশীল ভট্টরাই বলেন, সীমান্তে চীনের সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের অনেক কাজ এখনো বাকি রয়েছে।
সংখ্যালঘু মদেশিদের আন্দোলনের জেরে ভারত থেকে পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় নেপালের জনসাধারণকে কয়েক মাস চরম দুর্ভোগ পোহাতে হয়। মদেশিদের প্রতি সমর্থনের কারণে নয়াদিল্লি সীমান্তে একধরনের ‘অনানুষ্ঠানিক অবরোধ’ আরোপ করেছিল বলে কাঠমান্ডু অভিযোগ করে। তবে ভারত সেটা অস্বীকার করে।