ভারত-নেপাল আলোচনার উদ্যোগ
সীমান্ত অবরোধে জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আসা বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি উত্তরণে ভারতের সঙ্গে আলোচনায় কমিটি গঠন করেছে নেপাল। নেপালের পররাষ্ট্রমন্ত্রী মহেন্দ্র বাহাদুর পাণ্ডেকে প্রধান করে গত শুক্রবার ওই কমিটি গঠন করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কমিটি গঠনের পর গত শনিবার সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আলোচনা শুরুর আগে আমরা নিজেদের ভেতরে আলোচনা করতে চাই।’
এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তা নিরসনেই কমিটি ভারতের সঙ্গে আলোচনা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী পাণ্ডে। তিনি গত শুক্রবার নিজ দপ্তরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে অবরোধ পরিস্থিতি থেকে উত্তরণে তাঁদের সহায়তা চান। সীমান্ত দিয়ে পণ্য আসা বন্ধ হয়ে যাওয়ায় নেপাল মানবিক সংকটে পড়েছে বলে জানিয়েছেন তিনি।
দুই সপ্তাহ আগে ভারতের সীমান্ত দিয়ে নেপালে জ্বালানিসহ প্রয়োজনীয় পণ্য আসা বন্ধ হয়ে যায়। হিন্দুদের দশমী ও দীপাবলির আগে জ্বালানি-সংকট বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নেপাল বলেছে, ভারত তাদের ওপর ‘অলিখিত অবরোধ আরোপ’ করেছে। নতুন সংবিধানের বিরুদ্ধে দেশের দক্ষিণাঞ্চলের তরাই অঞ্চলে থারু ও মদেশীয়দের বিক্ষোভের কারণেই এই অবরোধ আরোপ করা হয়েছে বলে দাবি করেছে নেপাল। তবে অবরোধ আরোপের অভিযোগ অস্বীকার করে ভারত বলেছে, নিরাপত্তার কারণে ট্রাকচালকেরা যেতে চাইছেন না বলেই পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে বিক্ষোভ ও জ্বালানি-সংকটের কারণে যুক্তরাষ্ট্র সে দেশের নাগরিকদের নেপাল ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, তরাই অঞ্চলে বিক্ষোভের কারণে পর্যটকদের ভ্রমণ বাধাগ্রস্ত হতে পারে।