ভার্সির পদত্যাগের পর ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি
পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারনেস সাইয়েদা ভার্সির পদত্যাগের পর গাজা নীতি নিয়ে আরও চাপের মুখে পড়লেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এবার ক্ষমতাসীন জোটের শরিক দল লিবারেল ডেমোক্র্যাটস ইসরায়েলে অস্ত্র রপ্তানির নিবন্ধন স্থগিত রাখার দাবি তুলেছে। খবর বিবিসির
গাজা সংকট বিষয়ে প্রধানমন্ত্রী ক্যামেরনের অবস্থানের প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারনেস সাইয়েদা ভার্সি পদত্যাগ করেন। সাইয়েদা ভার্সি পাকিস্তানি বংশোদ্ভূত ও যুক্তরাজ্যের মন্ত্রিসভার প্রথম মুসলিম সদস্য ছিলেন। তাঁর পদত্যাগের পর ক্যামেরন এক প্রতিক্রিয়ায় লিখেছেন, তিনি ‘বর্তমান সংকট নিয়ে সাইয়েদার শক্তিশালী আবেগের জায়গাটি বুঝতে পেরেছেন’। একই সঙ্গে বলেন, গাজার পরিস্থিতি ‘অসহনীয়’ ছিল। ক্যামেরন বলেন, ‘ফিলিস্তিন বিষয়ে আমাদের নীতি সব সময় পরিষ্কার। দুই রাষ্ট্র প্রতিষ্ঠার নীতিই ফিলিস্তিন সংকটের একমাত্র সমাধান বলে আমরা মনে করি।’
এদিকে গতকাল লিবারেল ডেমোক্র্যাটস নেতা ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি তোলার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, ইসরায়েলে অস্ত্র রপ্তানির নিবন্ধন স্থগিত রাখার বিষয়টি নিয়ে ইতিমধ্যে পর্যালোচনা শুরু হয়েছে।
লিবারেল ডেমোক্র্যাটসের প্রধান ও যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান ‘মাত্রা ছাড়িয়ে গেছে’ উল্লেখ করে ইসরায়েলে অস্ত্র রপ্তানির নিবন্ধন স্থগিত করার আহ্বান জানান। উপপ্রধানমন্ত্রী জানান, স্থগিতের বিষয়টি চূড়ান্ত করতে লিবারেল ডেমোক্র্যাটস নেতা ও বাণিজ্যমন্ত্রী ভিনস কেবল্কে সঙ্গে নিয়ে কাজ করছেন তিনি। ‘শিগগিরই’ এ বিষয়ে সরকারি ঘোষণা আসবে।
বাণিজ্যমন্ত্রী ভিনস কেবল্ বলেন, লিবারেল ডেমোক্র্যাটস দলের জ্যেষ্ঠ নেতারা বিষয়টি নিয়ে ‘সরকারের ভেতরে আলোচনা করছেন’। তবে ক্ষমতাসীন জোটের মূল দল কনজারভেটিভ পার্টির নেতাদের সঙ্গে এখনো মতৈক্যে পৌঁছাতে পারেননি।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, ইসরায়েলে অস্ত্র রপ্তানির নিবন্ধন বাতিলের পর্যালোচনা চলছে। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে অস্ত্র রপ্তানির নতুন কোনো নিবন্ধন দেওয়া হয়নি। ওই মুখপাত্র আরও বলেন, ‘অস্ত্র রপ্তানি স্থগিত করার সিদ্ধান্ত আমরা তড়িঘড়ি করে নেব না। পুরো বিষয়টি পূর্ণাঙ্গভাবে খতিয়ে দেখা হবে। দেশের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’