ভালো প্রশাসক হিসেবে পরিচিত সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান বিন আবদুল-আজিজ আল সউদ
সালমান বিন আবদুল-আজিজ আল সউদ

সৌদি আরবের নতুন বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল সউদ ৫০ বছরের বেশি সময় ধরে বাদশাহ আবদুল্লাহর শীর্ষ সম্ভাব্য উত্তরসূরি ছিলেন। রাজধানীর উন্নয়নের তত্ত্বাবধানকারী হিসেবে পরিচিত সালমান প্রায় ৫০ বছর ধরে রিয়াদের গভর্নর ছিলেন। ২০১১ সালে যখন সৌদি আরবের মিত্র দেশগুলোতে অভ্যুত্থানের কারণে আরব নেতারা বিচলিত তখন সালমান দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হন।
সাম্প্রতিক সময়ে রাজপরিবার এবং দেশের জনগণ উভয়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠছিলেন সালমান। বিশ্বব্যাপী তেলের দরপতনের কারণে সৌদি আরবের অর্থনীতির সংকট, জিহাদি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কারণে বিশ্বব্যাপী কট্টরপন্থী ইসলাম নিয়ে শঙ্কা ও প্রতিবেশী দেশ ইয়েমেনের গৃহযুদ্ধ—এ রকম অস্থিতিশীল প্রেক্ষাপটেই সৎভাই বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সিংহাসনে বসলেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, এসব চ্যালেঞ্জ সৌদি আরবের নতুন শাসককে হঠাৎ নীতি পরিবর্তন থেকে বিরত রাখবে। প্রিন্সটন ইউনিভার্সিটির নিকট প্রাচ্যপাঠ বিষয়ের অধ্যাপক বার্নার্ড হেকেল বলেন, তেলের দাম কম এবং প্রতিবেশী দেশগুলোতে সংঘাত বাড়ছে, এমন সময়ে সৌদি আরবের প্রয়োজন দেশের জনগণকে শান্ত রাখা। এ কারণে দেশটিতে চলমান নীতির ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেওয়া হবে বলে মনে হয়। এ সব সমস্যা মোকাবিলায় সালমান কতটা সক্ষম, তা পরিষ্কার নয়। বলা হয়ে থাকে, বাদশাহ আবদুল্লাহ অসুস্থ হওয়ার পর থেকে রাষ্ট্রপ্রধানের অনেক দায়িত্ব পালন করে আসছিলেন সালমান। তবে ৭৯ বছর বয়সী সালমানের নিজের স্বাস্থ্যও প্রশ্নবিদ্ধ। তিনি এরই মধ্যে একবার স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
সৌদি আরবে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রবার্ট জর্ডান বলেন, ভালো প্রশাসক হিসেবে সালমানের সুখ্যাতি রয়েছে। তিনি স্পষ্টভাষী হিসেবে পরিচিত।
সামাজিক বিষয়গুলোতে সালমানের অবস্থান পরিষ্কার নয়। তবে তাঁর ভাই আবদুল্লাহ কর্মক্ষেত্রে নারীদের উৎসাহিত করাসহ যেসব ছোটখাটো সংস্কার পদক্ষেপ নেন, তা সালমান চালু রাখবেন বলে আশা করা হচ্ছে। দেশটির রক্ষণশীল ধর্মীয় নেতারা ওই পদক্ষেপের সমালোচনা করেছিলেন। 
রবার্ট জর্ডান বলেন, ‘দেশটির বাকি সবার মতো সালমানও অবশ্যই রক্ষণশীল। তবে আমি মনে করি না, তিনি বাদশাহ আবদুল্লাহর সংস্কার পদক্ষেপ বাতিল করে দেবেন।’

সূত্র: নিউইয়র্ক টাইমস