ভালো গ্রেড আর নম্বরই সব?

সিঙ্গাপুরের শিশুরা স্কুলে পা দিতে না দিতে শুরু হয় ইঁদুরদৌড়। শুরু হয় ভালো নম্বর আর গ্রেড পাওয়ার প্রতিযোগিতা। যারা এগিয়ে থাকে, তারা বাহবা পায়। যারা পিছিয়ে পড়ে, তাদের ভাগ্যে কিছু জোটে না। উঠতে-বসতে শুনতে হয়, ‘তোমাকে দিয়ে কিছু হবে না।’
কিন্তু আসলেই কি তাই? ভালো গ্রেড আর নম্বর মানেই কি এগিয়ে থাকা? যার ফলাফল ভালো না, তাকে দিয়ে কি আসলেই কিছু হয় না?
বিশ্বের যেসব দেশের শিক্ষাব্যবস্থা ভালো, এর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। গ্রেড ও পরীক্ষা সিঙ্গাপুরের শিক্ষাব্যবস্থায় বিশেষ গুরুত্ব পায়। ষাটের দশকে সিঙ্গাপুরে অশিক্ষিতের হার বেশি ছিল। আর এখন সিঙ্গাপুরে বিশ্বের প্রথম সারির স্কুলগুলো রয়েছে। সম্প্রতি সরকারি এক জরিপে দেখা গেছে, সিঙ্গাপুরের পরিবারগুলোকে সন্তানদের গৃহশিক্ষকের পেছনে বছরে ১ দশমিক ১ বিলিয়ন সিঙ্গাপুরি ডলার ব্যয় করতে হয়।
এত দিনের পুরোনো শিক্ষাপদ্ধতি নিয়ে নতুন করে ভাবছে দেশটির শিক্ষা মন্ত্রণালয় (এমওই)। গত শুক্রবার শিক্ষক দিবসে মন্ত্রণালয় এ নিয়ে একটি বিজ্ঞাপন প্রচার করেছে। শিক্ষার্থীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর বার্তা রয়েছে সেখানে।
শার্লি নামের এক শিক্ষার্থী ও তাঁর শিক্ষক ম্যাডাম পুয়ে প্রচলিত শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন এই ভাবনার খোরাক জুগিয়েছে। সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় মনে করছে, ভালো নম্বর আর গ্রেডই শেষ কথা নয়। একজন শিক্ষার্থীর ভেতরের শক্তিকে বিকশিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত।
শার্লি ও ম্যাডাম পুয়েকে নিয়ে তৈরি ওই বিজ্ঞাপনে দেখা যায়, শার্লি বারবার পরীক্ষায় অকৃতকার্য হয়। অনেক চেষ্টা ও পরিশ্রমের পরও পাস করতে পারে না। ভূগোলের শিক্ষক ম্যাডাম পুয়ে শার্লির পাশে দাঁড়ান। তিনি উৎসাহ দিতে থাকেন শার্লিকে। সবাই যখন শার্লিকে অকর্মা বলে বকাবকি করতে থাকে, ম্যাডাম পুয়ে তার প্রশংসা করেন। কারণ, শার্লি তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে। তার পরিশ্রম ও অধ্যবসায়ের প্রশংসায় পঞ্চমুখ হন ম্যাডাম পুয়ে।
দুর্ভাগ্যজনকভাবে শার্লি আরেকবার পরীক্ষায় অকৃতকার্য হয়। এবারও পাশে থাকেন ম্যাডাম পুয়ে। শার্লিকে বোঝান, নম্বর বা গ্রেডই আসল কথা নয়, ভেতরের শক্তিই বড় কথা। চেষ্টা আর পরিশ্রম দিয়ে সে শক্তি বিকশিত করা যায়। আর সে ক্ষমতা শার্লির রয়েছে। এভাবেই তিনি উৎসাহ দিয়ে যান ভেঙে পড়া এক শিক্ষার্থীকে।
এ ঘটনা প্রচারের উদ্যোগ নেয় সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের পেজে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শার্লির ভিডিও প্রচার করা হয়। মন্ত্রণালয় বড় লক্ষ্য পূরণের জন্য এটিকে একটি ছোট পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে। বোঝাতে চেষ্টা করে, পুঁথিগত বিদ্যাই একজন শিক্ষার্থীকে বিচারের মানদণ্ড নয়।
শিক্ষা মন্ত্রণালয় কেবল ভালো ফল নয়, শিক্ষার্থীদের চারিত্রিক গঠনের ওপর জোর দেওয়ার কথা বলে। কেবল প্রাথমিক নয়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থাতেও সাহিত্য, সংস্কৃতির শিক্ষার ওপর জোর দিতে বলা হয়। ব্যবহারিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।
এই বিজ্ঞাপনে ইতিবাচক ও নেতিবাচক দুরকম প্রতিক্রিয়ায় এসেছে। ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের পোস্টে একজন অভিভাবক মন্তব্য করেন, এমন ভিডিও সিঙ্গাপুরের শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সন্তান স্কুলে ভালো ফল না করলে অভিভাবকদের ডেকে ভর্ৎসনা করা হয়।
আরেক অভিভাবকের মন্তব্য, এটা কেবল বিজ্ঞাপন। বেশি নম্বর না পেলে শিক্ষকদের শাসনে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে।
আরেক অভিভাবকের মন্তব্য, প্রচলিত শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিভাবকেরা এখন নতুন করে ভাবতে পারবেন।
সিঙ্গাপুরের শীর্ষ স্কুলগুলোর মধ্যে একটি অ্যাংলো চাইনিজ স্কুল। সেখান থেকে স্নাতক হওয়া শিক্ষার্থী নিকোলাস অং বলেন, একেবারে ছোট থেকেই তাদের ইঁদুরদৌড়ে নামতে হয়। নিকোলাস বলেন, মা-বাবা তাঁর ওপর পড়াশোনার বেশি চাপ দেননি। তবে সামাজিকভাবে ভালো গ্রেড পেতে হবে—এমন চাপ সব সময়ই ছিল।
সিঙ্গাপুরে জুনিয়র এক কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বিবিসিকে বলেন, এ ধরনের বিজ্ঞাপন বা ভিডিও শিক্ষাব্যবস্থা সম্পর্কে সিঙ্গাপুরের নাগরিকদের নতুন করে ভাবতে উৎসাহ জোগাবে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাব্যবস্থা নিয়ে সঠিক নির্দেশনা দিচ্ছে। বিবিসি অবলম্বনে