ভালো ছবি তোলার অপেক্ষায় ছিলেন মারাই

‘যখন বোমাটি বিস্ফোরিত হয়, তখন ও আমার পাশেই ছিল। ভালো একটি ছবি তোলার অপেক্ষায় ছিলাম দুজন। আচমকা প্রচণ্ড শব্দ। তাকিয়ে দেখি, শাহ মারাই মাটিতে পড়ে আছেন। আমি স্তব্ধ হয়ে গেলাম, আমার বিশ্বাস হচ্ছিল না’—কথাগুলো শাহ মারাইয়ের দীর্ঘদিনের বন্ধু ও একসময়কার সহকর্মী রয়টার্সের আলোকচিত্রী ওমন সবহানির।
শাহ মারাই এএফপির আলোকচিত্রী ছিলেন। ১৯৯৬ সালে তালেবানের ক্ষমতা দখলের বছরে এএফপিতে গাড়িচালক হিসেবে যোগ দেন শাহ মারাই। গাড়ি চালানোর পাশাপাশি তিনি ছবিও তুলতেন। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হামলার খবরও সংগ্রহ করেন তিনি। এরপর ২০০২ সালে তিনি এএফপির পূর্ণকালীন আলোকচিত্রী হিসেবে নিয়োগ পান। শেষ পর্যন্ত কাবুল ব্যুরো অফিসের প্রধান আলোকচিত্রী হিসেবে নিয়োগ পান তিনি।

কাবুলেই গতকাল সোমবার জোড়া আত্মঘাতী বোমা হামলায় তিনিসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে সাংবাদিকই নয়জন। এ ছাড়া নিহত হয়েছেন চারজন পুলিশ কর্মকর্তা।
এ ছাড়া গতকাল কান্দাহারে আত্মঘাতী হামলায় ১১ শিশু ও খোস্ট এলাকায় হামলায় নিহত হয়েছেন বিবিসির এক সাংবাদিক।
স্থানীয় সময় সকাল আটটার কিছু আগে কাবুলে অবস্থিত আফগান গোয়েন্দা বাহিনীর সদর দপ্তরের কাছে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়। আত্মঘাতী বোমা হামলাকারী একটি মোটরসাইকেলে করে এসে নিজেকে উড়িয়ে দেয়। প্রথম বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন গণমাধ্যমকর্মী ও পুলিশ সদস্যরা। তখনই দ্বিতীয় হামলাটি চালানো হয়। ‘হামলাকারী সাংবাদিক ছদ্মবেশে এসেছিল বলে পুলিশ জানায়। এরপর ভিড়ের মধ্যেই সে নিজেকে উড়িয়ে দেয়।’
ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ২০০১ সালে তালেবানদের পতনের পর গণমাধ্যমকর্মীদের টার্গেট করে আফগানিস্তানে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।
রয়টার্সের আলোকচিত্রী ওমর সবহানি বলেন, ‘মারাই খুব ভালো আলোকচিত্রী ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার চেয়ে বেশি একজন ভালো মানুষ ছিলেন।’

আফগানিস্তান জার্নালিস্ট সেফটি কমিটির হিসাবে, ২০০১ সাল থেকে আফগানিস্তানে কাজ করতে গিয়ে অন্তত ৮০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। কিন্তু কখনো এত সাংবাদিকদের একসঙ্গে মৃত্যুর ঘটনা ঘটেনি।
দীর্ঘ ২২ বছরের পেশায় মারাই তালেবানের হাতে মারধরের শিকার হয়েছেন। নানা ধরনের হুমকিও পেয়েছেন। তালেবানের হাতে অনেক প্রিয় মানুষ হারিয়েছেন তিনি। তাঁদের মধ্যে ছিলেন এএফপির জ্যেষ্ঠ প্রতিবেদক সরদার আহমেদ। সহকর্মী হলেও দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। ২০১৪ সালে তালেবান হামলায় সরদার তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ নিহত হয়।
৪১ বছর বয়সী মারাইয়ের ছয় সন্তানের মধ্যে একমাত্র মেয়ের বয়স এক মাসও হয়নি। এপ্রিলের শুরুতে ঘর আলো করে এসেছে প্রাণের টুকরাটি। এতটাই আনন্দিত হয়েছিলেন যে শত ব্যস্ততার মধ্যেও উদ্যাপন করতে ভোলেননি শাহ মারাই। সহকর্মীদের সঙ্গে কর্মস্থলেই কন্যাসন্তানের বাবা হওয়ার আনন্দটা ভাগাভাগি করেছিলেন।
মারাইকে কাবুলে উত্তরে নিজের গ্রাম সোমালি প্লেনে দাফন করা হয়।
এএফপির সিইও ফেবরিস ফ্রাইস বলেন, ‘এই ভয়াবহ ঘটনা বলে দেয়, এখানে কাজ করতে গিয়ে আমাদের প্রতিনিয়ত কিসের মুখোমুখি হতে হয়।’

রিপোর্টার্স উইদাউট বর্ডারের (আরএসএফ) এক প্রতিবেদন অনুযায়ী সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় গত বছর তৃতীয় স্থানে ছিল আফগানিস্তান। গতকালের ঘটনায় সংগঠনটি ভবিষ্যতের আক্রমণ থেকে গণমাধ্যমকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
সংগঠনের প্রধান ক্রিস্টোফ ডেলওয়া বলেন, সাংবাদিকদের রক্ষায় ‘বিশেষ প্রতিনিধি’ নিয়োগ যে এখন জরুরি, আন্তর্জাতিক সম্প্রদায় ও স্থানীয় নেতাদের কাছে জাতিসংঘের এই জোরালো সংকেত পাঠানোর এটাই মোক্ষম সময়।
২০১৬ সালে তালেবানের আত্মঘাতী হামলায় স্থানীয় জনপ্রিয় টিভি চ্যানেল তোলোর সাত সাংবাদিক নিহত হন। ওই বছর থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে ৩৪ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানায় আরএসএফ। সূত্র: এএফপি ও রয়টার্স।