ভিডিওতে পালমিরায় আইএসের হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার ঐতিহ্যবাহী নগর পালমিরার অ্যাম্ফিথিয়েটারে ২৫ জনকে গুলিতে হত্যা করে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। এ হত্যাকাণ্ডের সময় ধারণ করা ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি। আইএস বলেছে, নিহত ব্যক্তিরা সবাই সৈনিক। হুম নগর দখলের সময় এদের ধরা হয়। খবর বিবিসির।
গত মে মাসে আইএসের জঙ্গিরা পালমিরা এবং পার্শ্ববর্তী আধুনিক নগর তাদমুর দখল করে। পালমিরার প্রাচীন নিদর্শন জাতিসংঘের সংস্থা ইউনেসকো-ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। পালমিরা দখলের পরদিনই আইএস এই অ্যাম্ফিথিয়েটারেই ২০ জনকে হত্যা করে। তবে এই হত্যাকাণ্ডের ভিডিওটি কবে ধারণ করা, তা জানা যায়নি।
আইএস জঙ্গিদের একটি অ্যাকাউন্ট থেকে হত্যাকাণ্ডের দৃশ্যের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, অ্যাম্ফিথিয়েটারের মঞ্চে হত্যাকাণ্ড ঘটানো হয়। এর পেছনে ছিল আইএসের বিশাল কালো পতাকা। নিহত ব্যক্তিরা সবাই বয়সে কিশোর। বয়স ১৩ থেকে ১৪-এর মধ্যে। সাধারণ পোশাক পরিহিত কয়েক শ মানুষ দাঁড়িয়ে এই হত্যাদৃশ্য প্রত্যক্ষ করে। হত্যার শিকার একজনের মুখের একটি ক্লোজআপ দৃশ্যে মারের চিহ্ন দেখা যায়।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ২৭ মে এই হত্যাকাণ্ড ঘটায় আইএস। তবে সেই হত্যাকাণ্ডই ভিডিওতে ধারণ করা হয়েছে কি না, সে বিষয়টি নিশ্চিত করা যায়নি। ভিডিওতে মে মাসের শেষ দিকে তাদমুরের কারাগার ভেঙে ফেলার দৃশ্যও প্রদর্শন করা হয়েছে।
সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আবদেল করিম বলেন, হত্যাকাণ্ডে রোমান আমলে তৈরি অ্যাম্ফিথিয়েটার ব্যবহার করে এটি প্রমাণিত হয়েছে যে আইএস মানবতাবিরোধী। তিনি আরও বলেন, আইএস পালমিরা দখলের আগেই বেশির ভাগ পুরাকীর্তি সরিয়ে ফেলে দামেস্কে পাঠিয়ে দেওয়া হয়।
বিমান হামলা: সিরিয়ার রাকা শহরে গত শনিবার রাতে এবং গতকাল রোববার সকালে বড় আকারে বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী। এতে অন্তত ৩০ জন নিহত হয়। এর মধ্যে ছয়জন বেসামরিক নাগরিক।