ভিমরুলের আক্রমণে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে বিশাল এক ঝাঁক ভিমরুলের হুল খেয়ে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। এ সময় দমকলকর্মীরা প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তাঁকে রক্ষা করতে পারেননি। গত সেপ্টেম্বর মাসে এ ঘটনা ঘটলেও সম্প্রতি বিষয়টি জাপানের গণমাধ্যমে এসেছে।

চিয়েকু কিকুচি নামের ওই বৃদ্ধ তাঁর এক সহকারীকে সঙ্গে নিয়ে কেয়ার সেন্টার থেকে ফিরছিলেন। এ সময় ভিমরুলগুলো ঝাঁক বেঁধে এসে তাঁর ওপর আক্রমণ করে। বেশ বড় বড় ভিমরুল ছিল ওই ঝাঁকে। প্রায় ৫০ মিনিট ধরে তাঁর শরীরে প্রায় ১৫০টি হুল ফোটায়। বৃদ্ধার সহকারী জরুরি সাহায্য চেয়ে অগ্নিনির্বাপক দলের কাছে সাহায্য চান। ভিমরুল বেশি ও সুরক্ষাব্যবস্থা না থাকায় তাঁরা দ্রুত ব্যবস্থা নিতে পারেননি বলে স্বীকার করেছেন দমকল বাহিনীর এক সদস্য। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে এক দিন পর তিনি মারা যান।
দমকলকর্মী বলেন, ‘আমাদের জন্য এটি ছিল অস্বাভাবিক এক কাজ।
বন বিভাগ সূত্রে বলা হয়, যখন বাসা ক্ষতিগ্রস্ত হয়, তখন কেবল ভিমরুল আক্রমণ করে। ভিমরুলের কামড় থেকে রক্ষা পেতে তাদের বাসার কাছ থেকে দূরে থাকতে হবে এবং সুরক্ষা জ্যাকেট পরতে হবে।’
জাপানের গণমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, প্রতিবছর জাপানে ২০ জন ভিমরুলের কামড়ে মারা যায়। তথ্যসূত্র: এএফপি।