ভিয়েনা সংলাপে 'প্রকৃত অগ্রগতি' হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ছয় বিশ্বশক্তির আলোচনা দৃশ্যত ব্যর্থ হলেও ইরানি ও মার্কিন নেতারা ‘প্রকৃত অগ্রগতি’ অর্জিত হয়েছে বলে দাবি করছেন। তাঁরা বলেছেন, শেষ পর্যন্ত একটি চুক্তি সই হওয়ারও আশা জেগেছে। সমঝোতার সময়সীমা বাড়ানোর মধ্য দিয়ে গত সোমবার শেষ হয় ওই আলোচনা। খবর এএফপির।
ইরানের পরমাণু আলোচকদের সঙ্গে ছয় বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানির আলোচকদের সর্বশেষ দফা সংলাপ ১৮ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়। স্থায়ী সমঝোতার জন্য আগে বেঁধে দেওয়া সময় গত সোমবার শেষ হলেও তার মধ্যে কোনো ধরনের সমঝোতা হয়নি। তবে আলোচনার সময় আরও সাত মাস বাড়াতে রাজি হয় উভয় পক্ষই।
সোমবার আলোচনা শেষ হওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভিয়েনায় সাংবাদিকদের বলেন, ‘আমরা সময় বাড়িয়েছি বলে এই আলোচনা সহজ হয়ে যাচ্ছে, বিষয়টি এমন নয়। এটা কঠিন ব্যাপার। এখনো কঠিন রয়েছে; সামনেও কঠিন থাকবে। তবে ভিয়েনায় শেষ দিনগুলোতে প্রকৃত ও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা নতুন নতুন ধারণা বেরিয়ে আসতে দেখেছি।’
পরে একই রকম কথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জারিফও। তিনি বলেন, ‘একটি চুক্তির জন্য আমাদের সাত মাস সময় দরকার নেই, এটা আমাদের সবাই বলছেন। কারণ, আলোচনা দ্রুতই এগোতে শুরু করেছে।’
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আরেক ধাপ এগিয়ে বলেছেন, উভয় পক্ষের মধ্যে বিদ্যমান বেশির ভাগ মতপার্থক্যই দূর হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সংলাপের এই পথ একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবে। কারণ, বেশির ভাগ মতপার্থক্যই দূর হয়ে গেছে।’
কর্মকর্তারা জানিয়েছেন, সংলাপের মেয়াদ বাড়ানোর পর এখন দুটি ধাপে কাজ শেষ হবে। প্রথম ধাপে আগামী বছরের মার্চ মাসের মধ্যে চুক্তির একটি রূপরেখা তৈরি করা হবে। এরপর ১ জুলাইয়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রায়োগিক চুক্তি সই করা হবে।
তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে উভয় পক্ষ বর্তমানে একটি অন্তর্বর্তী সমঝোতায় রয়েছে। এটি স্বাক্ষরিত হয়েছিল ২০১৩ সালের ২৪ নভেম্বর, জেনেভাতেই। ওই চুক্তি অনুযায়ী, এ বছরের ২০ জুলাইয়ের মধ্যে একটি স্থায়ী চুক্তি করার কথা ছিল। তবে ওই সময়সীমার মধ্যে চুক্তি না হওয়ায় তখন মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়। এর মেয়াদ শেষ হয় গত সোমবার।