ভিয়েতনামের বন্যায় ২৫ জনের মৃত্যু
ধেয়ে আসা সামুদ্রিক ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় ভিয়েতনামের মধ্যাঞ্চলে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা আজ সোমবার এ তথ্য জানান বলে এএফপির খবরে বলা হয়।
গত সপ্তাহ থেকে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মধ্যাঞ্চলের বেশ কটি প্রদেশের ঘরবাড়ি প্রায় ডুবে গেছে। জলমগ্ন রাস্তায় লোকজন নৌকা চালাচ্ছে।
ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন দপ্তরের ওয়েবসাইটে বলা হয়, গত শুক্রবার থেকে প্লাবনের পর দেশটির মধ্যাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে ২ লাখ ৪০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ রয়েছেন চারজন।
রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, স্থানীয় একটি জলবিদ্যুৎকেন্দ্রের সংরক্ষণাগার থেকে আচমকা পানি ছেড়ে দেওয়া হয়। এ কারণেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়, হা তিন প্রদেশের হো হো জলবিদ্যুৎকেন্দ্র কোনো ধরনের সতর্কতা ছাড়াই পানি ছেড়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ইতিমধ্যে সপ্তাহের শেষ দিকে সামুদ্রিক ঝড় সারিকা ফিলিপাইনে আঘাত হানে। আগামী বুধবার এটি ভিয়েতনামে আঘাত হানতে পারে। এ অবস্থায় উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় পূর্বাভাসে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, এই মৌসুমে সারিকা সবচেয়ে বড় সামুদ্রিক ঝড় হতে পারে। প্রতিবছরই ভিয়েতনাম কয়েক দফা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে।