ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভিয়েনায় তেহরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চলমান আলোচনায় মতপার্থক্য কমছে না। এই পরিস্থিতিতেই আলোচনা আজ রোববার শেষ সপ্তাহে গড়াচ্ছে। কাল সোমবার দুই পক্ষের একটি স্থায়ী সমঝোতায় পৌঁছার সময়সীমা শেষ হবে। খবর বিবিসির।
পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় নিয়ে গত মঙ্গলবার ভিয়েনায় আলোচনা শুরু হয়।
হোয়াইট হাউসের মুখপাত্র এরিক শুলৎজ গত শুক্রবার বলেন, সমঝোতার সময়সীমা শেষ হচ্ছে সোমবার। কিন্তু দুই পক্ষের মধ্যে এখনো ব্যাপক মতপার্থক্য রয়ে গেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরও আলোচনা করার জন্য ভিয়েনা ছেড়ে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন তিনি।
কেরির সঙ্গে শুক্রবার আলোচনার পর জারিফ বলেন, ‘নতুন কিছু নেই। উল্লেখ করার মতো কোনো প্রস্তাবও পাইনি।’