ভুটানের গাছ লাগিয়ে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাছ লাগিয়ে নতুন রেকর্ড গড়েছে ভুটান। রাজধানী থিম্পুতে ১০০ জন স্বেচ্ছাসেবকের একটি দল এক ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২টি গাছ লাগিয়ে এ রেকর্ড গড়েন। ছবিটি বিবিসির সৌজন্যে
গাছ লাগিয়ে নতুন রেকর্ড গড়েছে ভুটান। রাজধানী থিম্পুতে ১০০ জন স্বেচ্ছাসেবকের একটি দল এক ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২টি গাছ লাগিয়ে এ রেকর্ড গড়েন। ছবিটি বিবিসির সৌজন্যে

গাছ লাগিয়ে নতুন রেকর্ড গড়েছে ভুটান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছ থেকে সেই স্বীকৃতিও মিলেছে। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

গাছ লাগিয়ে রেকর্ড করার লক্ষ্যে ভুটানের রাজধানী থিম্পুতে হাজির হয়েছিলেন ১০০ জন স্বেচ্ছাসেবকের একটি দল। তাঁরা এক ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২টি গাছ লাগিয়ে নতুন এ রেকর্ড গড়েন।

আগের রেকর্ডটি ছিল ভারতের দখলে। ভারত ২০১২ সালে ৪০ হাজার ৮৮৫টি গাছ লাগিয়ে রেকর্ডটি করেছিল। এই রেকর্ডের চেয়ে প্রায় ১০ হাজার বেশি গাছ লাগিয়ে নতুন রেকর্ডটি গড়েছে সার্কভুক্ত এই দেশটি।

গাছ রোপণের এই কর্মসূচির আয়োজক কর্মা মেরিং বলেন, গোটা দেশ আনন্দিত। নতুন এই বিশ্ব রেকর্ড দেখিয়ে দিয়েছে, ভুটানের তরুণ প্রজন্ম পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ চায়। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, দেশটির সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৬০ তম জন্মদিন এ বছর। তিনি প্রকৃতি ও পরিবেশ ভালোবাসেন। এ জন্য আমরা তাঁকে শ্রদ্ধা করি। তাঁর প্রতি সম্মান জানাতেই এই গাছ লাগানোর কর্মসূচি হাতে নেওয়া হয়। প্রকৃতিপ্রেমী রাজাকে শ্রদ্ধা জানাতে এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে?

স্বেচ্ছাসেবীদের একজন শেরুব দর্জি বলেন, স্বেচ্ছাসেবক দলটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে অনুশীলন করেছে। এতে শারীরিক পরিশ্রম করার সামর্থ্য ও কম সময়ে বেশি গাছ লাগানোর কৌশল বেশ ভালোভাবে রপ্ত হয়েছিল।

ভুটানের জ্যেষ্ঠ সাংবাদিক নামগে জাম বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতি মিনিটে গড়ে আটটি করে গাছ লাগিয়েছে।

পরিবেশ রক্ষার ব্যাপারে বরাবরই সচেতন ভুটান। দেশটিতে ৭৫ ভাগের বেশি বনভূমি রয়েছে।