ভুয়া খবরে ধনী শহর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসিডোনিয়ার ভেলিস শহরের একটি দৃশ্য
মেসিডোনিয়ার ভেলিস শহরের একটি দৃশ্য

ক্যাফেতে বসে আছে ছেলেটি। দেখতে আর দশজনের মতোই। এলোমেলো চুল-দাড়ি। তবে পোশাকে কেতাদুরস্ত। ছদ্মনাম গোরান। তবে এই তরুণ শুধুই ছাত্র নন, বিচিত্র সব ভুয়া খবরের স্রষ্টা! হেসে বললেন, ‘আমেরিকানরা আমাদের খবরগুলো পছন্দ করে। আর সে জন্য আমরা আয় করতে পারি। খবর সত্যি না মিথ্যা—কে খুঁজে দেখে?’

মার্কিন নির্বাচনী প্রচারের সময় সংবাদের অনেক ওয়েবসাইট ভুয়া খবর ছড়িয়ে আলোচনায় এসেছিল। বিবিসির প্রতিবেদক এমা জেন কার্বি খোঁজ নিয়ে দেখেছেন, মেসিডোনিয়ার এক ছোট্ট শহরে এসব খবরের উৎপত্তি। সেখানকার একদল তরুণ বিজ্ঞাপনী উপার্জনের জন্য বিচিত্র সব খবর বানিয়ে বিক্রি করে।

ভেলিসের শতাধিক তরুণ এমন খবর বানানোর ব্যবসায় জড়িয়েছেন। তাঁদের তৈরি বেশির ভাগ খবরই নাকি যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ছিল। গোরান বলেন, যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক ওয়েবসাইটগুলো থেকে নকল (কপি-পেস্ট) করে কিছু খবর সংগ্রহ করতে শুরু করেছিলেন তাঁরা। পরে সেগুলোই একটু অদল-বদল করে চাঞ্চল্যকর শিরোনাম দিয়ে ফেসবুকের পাতায় ‘শেয়ার’ করে দিতে থাকে। ট্রাম্পের খবরের জন্য মুখিয়ে থাকা মার্কিন পাঠকেরা সেগুলো মুহূর্তের মধ্যেই ছড়িয়ে দিত। এসব ভুয়া খবরে ‘লাইক’ বা ‘শেয়ার’ যত বাড়ে, গোরানদের উপার্জনও তত বেশি হয়।

গোরান বললেন, খবর বানানোর কাজ করে মাত্র এক মাসেই তিনি প্রায় দুই হাজার মার্কিন ডলার রোজগার করেছেন। এমনকি তাঁর বন্ধুদের কেউ কেউ এক দিনেই হাজার ডলারের বেশি পেয়েছেন। এই কাজ নিয়ে তাঁদের কারও মনে কোনো অপরাধবোধ নেই। স্থানীয় তরুণেরা মার্কিন নির্বাচনে কী হলো না হলো, সেসব নিয়ে মোটেও চিন্তিত নন। রোজগার করতে পেরেই তাঁরা খুশি। কারণ, তা দিয়ে দামি জামাকাপড় আর পানীয় কেনা যায়।

ডিজিটাল মাধ্যম ব্যবহার করে উপার্জনের এই উপায় ভেলিসের অর্থনীতিতে নতুন জোয়ার এনেছে। সেখানে মাসে মানুষের গড়পড়তা রোজগার ৪০০ ডলারের কম। তাই ছেলেপেলেরা রাতারাতি এত বেশি আয় করলে তাকে স্বাগত জানাতে দোষ কী? ভুয়া খবর দিয়ে শহরটা তো আর্থিকভাবে সমৃদ্ধই হচ্ছে। মেসিডোনিয়ায় এটা অবৈধ না হলেও অনৈতিক তো বটেই। কারণ, এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ পাঠকেরা বিভ্রান্ত হচ্ছে।

শহরটির মেয়র স্লাভকো শেদিয়েভ বলেন, তাঁর শহরে কোনো অবৈধ অর্থ নেই। তবে শহরের খুদে উদ্যোক্তারা যদি হাজার মাইল দূরের দেশ থেকে অর্থ আমদানি করতে পারেন, সেটা তো ভালোই।

মেসিডোনিয়ার অনুসন্ধানী সাংবাদিক উবাভকা জেনভস্কা বলেন, তিনি দেশীয় তরুণদের নৈতিকতা নিয়ে চিন্তিত। মার্কিন নির্বাচনের সময় থেকেই তাঁরা মিথ্যার দিকে বেশি ঝুঁকছেন।