ভূকেন্দ্রের তৃতীয় উপাদান সিলিকন?

পৃথিবী গ্রহের একেবারে কেন্দ্রে কী কী উপাদান আছে? বিজ্ঞানীরা যতদূর জানেন, লোহা ও নিকেল। কিন্তু জাপানের একদল গবেষক মনে করেন, ওই দুই ধাতুর পাশাপাশি সেখানে আরেকটি উপাদান থাকতে পারে। সেটা খুঁজে বের করা হবে একটি বড় কাজ।
পৃথিবীর অন্তস্তলের ‘হারানো উপাদানটির’ অনুসন্ধানে দশকের পর দশক ধরে চেষ্টা করছেন বিজ্ঞানীরা। জাপানি গবেষক দলটি কৃত্রিম প্রক্রিয়ায় ভূকেন্দ্রের সমান উচ্চ তাপমাত্রা ও চাপ তৈরি করে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ইঙ্গিত পেয়েছেন, উপাদানটি সম্ভবত সিলিকন। তাঁদের এই আবিষ্কার পৃথিবীর গঠন ইতিহাস আরও ভালোভাবে জানতে সহায়ক হতে পারে।
গবেষক দলটির প্রধান টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এইজি ওহ্তানি বলেন, ‘আমরা মনে করি সিলিকন একটি প্রধান উপাদান। পৃথিবীর একেবারে গভীর স্তরে লোহা ও নিকেলের মিশ্রণে প্রায় ৫ শতাংশ সিলিকন থাকতে পারে। ওজনের ভিত্তিতে এই পরিমাপ করা হয়েছে।’
বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর একেবারে গভীরের অংশটি একটা কঠিন বলের মতো। এর ব্যাসার্ধ প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার। জায়গাটা এত গভীরে যে মানুষের পক্ষে সেখানে পৌঁছানো কঠিন। তাই প্রত্যক্ষ অনুসন্ধানের সুযোগ নেই। তাই গবেষকেরা ওই অঞ্চলে ভূকম্পনজনিত তরঙ্গ কীভাবে পার হয়, তার ভিত্তিতে বিশদ ধারণা অর্জনের চেষ্টা করেন। তাতে দেখা যায়, ভূকেন্দ্রে সবচেয়ে বেশি আছে লোহা। ওজনের ভিত্তিতে ধাতুটির অনুপাত আনুমানিক ৮৫ শতাংশ। আর নিকেল আছে প্রায় ১০ শতাংশ। বাকি ৫ শতাংশের হিসাবটা অস্পষ্ট। এইজি ওহ্তানি ও তাঁর সহযোগীরা লোহা ও নিকেলের সংকর তৈরি করে সঙ্গে সিলিকন মিশিয়ে দেন। তারপর ভূকেন্দ্রের সমমানের উচ্চ তাপমাত্রা ও চাপ প্রয়োগ করে দেখতে পান, সেটা স্বাভাবিক ভূকম্পনজনিত তরঙ্গের তথ্য-উপাত্তের সঙ্গে মিলে যাচ্ছে।
অধ্যাপক ওহ্তানি বলেন, ভূকেন্দ্রে সিলিকনের উপস্থিতির বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণা দরকার। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এর সম্ভাবনা বাতিল করে দেওয়া যায় না। তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের সাম্প্রতিক বৈঠকে এই গবেষণা নিয়ে আলোচনা করেছেন।
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমন রেডফার্ন জাপানি ওই গবেষণা নিয়ে মন্তব্য করেছেন, এসব পরীক্ষা-নিরীক্ষা অত্যন্ত কঠিন এবং একই সঙ্গে উৎসাহব্যঞ্জক। কারণ, এতে পৃথিবীর একেবারে ভেতরের অংশের গঠন সম্পর্কে জ্ঞানের নতুন দিগন্ত খুলে যেতে পারে।
৪৫০ কোটি বছর আগে পৃথিবী গঠনের সময় এর কেন্দ্রস্থল কেমন ছিল, তা কীভাবে পাথুরে অংশ থেকে আলাদা হতে শুরু করল—এসব বিষয়ে স্পষ্ট ধারণা পেতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন।