ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৪২০০ আশ্রয়প্রার্থী

ভূমধ্যসাগর থেকে গতকাল শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় চার হাজারের বেশি ইউরোপে অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তিনটি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ১৭টি মৃতদেহ। গতকাল শনিবার ইতালির উপকূলরক্ষীরা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।
উপকূলরক্ষীরা জানিয়েছেন, বিপন্ন আশ্রয়প্রার্থীদের অন্তত ১৭টি নৌযান থেকে সাহায্যের জন্য বার্তা পাঠানো হয়েছিল। পরে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ২২টি মাছ ধরা নৌকা ও রাবারের ডিঙি থেকে ৪ হাজার ২০০ আশ্রয়প্রার্থীকে উদ্ধার করা হয়।
১৭ অভিবাসীর মৃত্যুর কারণ বা তাঁরা কোন দেশের নাগরিক, এ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইতালির দেলা সেরা পত্রিকার এক খবরে বলা হয়েছে, শুক্রবার সবচেয়ে বেশিসংখ্যক আশ্রয়প্রার্থীকে উদ্ধার করা হয় লিবীয় উপকূলের কাছাকাছি থেকে। এই উদ্ধার অভিযানে ইতালি, আয়ারল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামের জাহাজ অংশ নেয়।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে গত এপ্রিলের শেষ পর্যন্ত অন্তত ৪০ হাজার আশ্রয়প্রার্থী ইউরোপে ঢুকতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ১ হাজার ৮২৬ জনের মৃত্যু হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ৩০ গুণ বেশি।
লিবিয়া ও সিরিয়ার গৃহযুদ্ধ এবং বছরের এ সময় সাগর অপেক্ষাকৃত শান্ত থাকা অভিবাসীদের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধির অন্যতম কারণ। এ ছাড়া দারিদ্র্যের কারণে নাইজেরিয়া, সোমালিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ নৌযানে আশ্রয়প্রার্থীরা ভূমধ্যসাগর পাড়ি দেয়। ক্ষুধা-তৃষ্ণা বা ডুবে গিয়ে তাদের অনেকে পথেই মারা যায়। গত মাসে লিবীয় উপকূলে অন্তত ৮০০ আশ্রয়প্রার্থী ডুবে মারা যায়।
আন্তর্জাতিক দাতব্য সংগঠন মেদস সঁ ফ্রতিয়েখের পক্ষ থেকে বলা হয়েছে, গত বৃহস্পতিবার একটি নৌকা থেকে ৯৮ বছর বয়সী একজন সিরীয়কে উদ্ধার করা হয়েছে। তিনি মিসর থেকে রওনা হয়ে ১৩ দিন ধরে সাগরে নৌকায় ভাসছিলেন।