ভূমধ্যসাগরে নৌকাডুবি, আট অভিবাসীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূলে গতকাল শনিবার একটি অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অন্তত ১০০ জন নিখোঁজ রয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৬০ কিলোমিটার পূর্বে উপকূলীয় গারাবুলি শহরের কোস্টগার্ডের প্রধান কর্নেল ফাথি আল-রায়ানি এ তথ্য জানিয়েছেন। তবে মারা যাওয়া ও নিখোঁজ অভিবাসীদের পরিচয় জানাতে পারেননি তিনি।
এদিকে লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র জেনারেল আইয়ুব কাসেম জানিয়েছেন, ত্রিপোলির পশ্চিমে জাওয়িয়া এলাকার উপকূলে টহল দেওয়ার সময় দেশটির কোস্টগার্ড সাতটি নৌকা আটক করে এগুলো থেকে প্রায় ৬০০ অভিবাসীকে উদ্ধার করেছে। এই অভিবাসীরা মিসর, মরক্কো, বাংলাদেশ ও আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক বলে জানান তিনি।