ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ ১০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ১০০ জন নিখোঁজ হয়েছেন। তাঁরা সবাই ডুবে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওই নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ২৭ জনের উদ্ধৃতি দিয়ে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা মেদসাঁ সঁ ফ্রতিয়েখ (এমএসএফ) এ কথা জানিয়েছে।
এক টুইট বার্তায় এমএসএফ জানায়, ‘২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের উদ্ধারকারী জাহাজে তোলা হয়েছে। ১৩০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া নৌকাটির যাত্রী ছিলেন তাঁরা।’
এ নিয়ে চলতি সপ্তাহেই আশ্রয়প্রার্থীবাহী নৌকা ডুবে ৩৪০ জনের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটল। ভূমধ্যসাগরে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও লিবিয়ার উপকূল থেকে নৌকায় আশ্রয়প্রার্থীদের যাত্রা থামেনি। গত শনিবার থেকে এ পর্যন্ত সমুদ্রযাত্রার অনুপযোগী নৌকা থেকে ৩ হাজার ২০০–এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।