ভূমিকম্পের পর এখন শীতের বিরুদ্ধে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বেড়ে চলা শীতের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের ভূমিকম্প উপদ্রুত মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘর মেরামত বা নতুন করে তৈরি করতে সময়ের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষকে। বিশেষ করে শিশুদের নিয়ে আতঙ্কে আছে তারা। খবর এএফপির।
প্রতিবেশী দুই দেশে গত সোমবার আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ৩৯০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। কিন্তু প্রত্যন্ত পাহাড়ি এলাকা, যোগাযোগ-ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়া ও জঙ্গি-অধ্যুষিত এলাকা হওয়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে।
উদ্ধারকর্মীরা গতকাল বৃহস্পতিবার অবশ্য বলেছেন, ভূমিকম্প-কবলিত ‘বেশির ভাগ’ এলাকাতেই তাঁরা পৌঁছাতে পেরেছেন বলে মনে করছেন। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) একজন মুখপাত্র গতকাল বলেন, তাঁরা ‘দুর্গত বেশির ভাগ এলাকাতে’ পৌঁছাতে পেরেছেন বলে মনে করছেন।
পাকিস্তান ভূমিকম্পে গতকাল পর্যন্ত ২৭২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ ছাড়া ১ হাজার ৯০০ জন আহত হয়েছে।
ভূমিকম্প থেকে প্রাণে বেঁচে যাওয়া মানুষগুলোকে এখন প্রচণ্ড শীতের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হচ্ছে। বিশেষ করে শিশুদের নিয়ে আতঙ্কে রয়েছে তারা। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাকিস্তানি জেলাগুলোর একটি চিত্রালের চারুন অভির গ্রামের বাসিন্দা মীর ওয়ালি বলেন, ‘১৫ নভেম্বরের পর আমাদের এখানে তিন থেকে চার ফুট তুষার জমবে। তা থেকে রক্ষা পাওয়ার মতো কিছুই আমাদের কাছে অবশিষ্ট নেই।’
ডন পত্রিকার খবরে বলা হয়, ভূমিকম্প-কবলিত মানুষের জন্য কোনো বিদেশি সহায়তার দরকার হবে না বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী পারভেজ রাশিদ গত বুধবার রাজধানী ইসলামাবাদে এ সংবাদ সম্মেলনে বলেন, ‘সম্পদের কোনো ঘাটতি নেই। পরিস্থিতি নিজেরাই মোকাবিলা করার জন্য আমরা সম্পূর্ণভাবে সক্ষম।’
প্রতিবেশী আফগানিস্তানে ভূমিকম্পে গতকাল পর্যন্ত ১২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর একটি কুনারের সোকায় জেলার বাসিন্দারা বলেছে, সরকারের কোনো কর্মীকেই এখনো তাদের এলাকায় দেখা যায়নি।