ভেঙে দেওয়া হলো শ্রীলঙ্কার পার্লামেন্ট
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠান আয়োজন করতেই পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো। খবর বিবিসির।
সরকারি সূত্রগুলো বলছে, আগামী ১৭ আগস্ট সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। গত শুক্রবার শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র রাজিথা সেনারত্নে বলেন, ‘পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রেসিডেন্টের আদেশ শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হবে।’
এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন সিরিসেনা। তাঁর প্রতিশ্রুত সংস্কার কর্মসূচির এগিয়ে নিতে গেলে পার্লামেন্টের সমর্থন দরকার হবে। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা কমানো এই সংস্কারের মধ্যে অন্যতম প্রধান দিক।
শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) মুখপাত্র জানান, প্রেসিডেন্টের কাছে দলটির পক্ষ থেকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধের পর এই সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট। জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সিরিসেনাকে সমর্থন দিয়েছিল ইউএনপি।