ভ্যাটিকানের কোষাধ্যক্ষের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্ডিনাল জর্জ পেল। ছবি: রয়টার্স
কার্ডিনাল জর্জ পেল। ছবি: রয়টার্স

ভ্যাটিকানের কোষাধ্যক্ষ ও অস্ট্রেলিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ ক্যাথলিক ব্যক্তিত্ব কার্ডিনাল জর্জ পেলের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পেলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় এই অভিযোগ গঠন করা হয়েছে।

বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের চার্চ পরিচালনায় কার্ডিনালরা পোপকে সহায়তা করেন। কার্ডিনালদের বলা হয় ভ্যাটিকান রাষ্ট্রের ‘রাজপুত্র’। কার্ডিনালদের মধ্য থেকেই ১২০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানের প্রধান ধর্মগুরু পোপ নির্বাচিত হন। কার্ডিনালরাই পোপ নির্বাচন করেন।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ জানিয়েছে, পেলের বিরুদ্ধে আনা কথিত অভিযোগ ঐতিহাসিক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।

পুলিশের উপকমিশনার শেন প্যাটন বলেন, একাধিক ব্যক্তি পেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

কার্ডিনাল পেল বর্তমানে ভ্যাটিকানে দায়িত্ব পালন করছেন। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছেন।

ক্যাথলিক চার্চ আজ এক বিবৃতিতে বলেছে, চিকিৎসকের পরামর্শ ও অনুমোদনক্রমে যত দ্রুত সম্ভব কার্ডিনাল পেল অস্ট্রেলিয়ায় ফিরবেন। আদালতে অভিযোগ মোকাবিলা করবেন।

ভিক্টোরিয়া পুলিশ বলেছ, গত মাসে সরকারি আইনজীবীদের কাছ থেকে পরামর্শ পাওয়ার পর তারা কার্ডিনাল পেলের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয় সিদ্ধান্ত নেয়।

পুলিশ কর্মকর্তা শেন প্যাটন বলেন, কার্ডিনাল পেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে।

তবে কার্ডিনাল পেলের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে, এর বিস্তারিত জানা যায়নি।