ভ্যালেন্টাইন পালন ইরানে 'অপরাধ' ও পাকিস্তানে 'নিষিদ্ধ'
পশ্চিমা দেশগুলোতে গতকাল ১৪ ফেব্রুয়ারি মহা আড়ম্বরেই উদযাপিত হলো ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু মুসলিমপ্রধান দেশ বিশেষত ইরান ও পাকিস্তান দিবসটি উদযাপন করেছে কি না বা একে কীভাবে দেখে থাকে, সে বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা যায়, দেশ দুটি বেশ কড়াকড়ি অবস্থানই নিয়েছে এর বিরুদ্ধে। খবর বিবিসির।
ভালোবাসা দিবস পালনের বিপক্ষে সৌদি আরব সরকারও। তবে দুবাইয়ের মতো কিছু দেশে বেশ ঢাকঢোল পিটিয়েই গতকাল উদ্যাপন করা হয় দিবসটি।
ইরান সরকার সাফ জানিয়ে দিয়েছে, ভ্যালেন্টাইনস ডে উদ্যাপন করার ‘অপরাধে’ শাস্তি ভোগ করতে হবে। এটি নিয়ে কেউ ব্যবসা করলেও তাঁকে দোষী হিসেবে বিবেচনা করা হবে। ইরানি গণমাধ্যমগুলো জানায়, ভ্যালেন্টাইনস ডের আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমা সংস্কৃতি চালু করার বিরুদ্ধে পুলিশ খুচরা ব্যবসায়ীদের এরই মধ্যে সতর্ক করে দিয়েছে।
এদিকে দক্ষিণ এশিয়ার পাকিস্তানের কিছু শহরে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল ভ্যালেন্টাইনস ডে। কিন্তু চলতি বছর দেশটির সরকার তা বন্ধের উদ্যোগ নিয়েছে। প্রেসিডেন্ট মামনুন হোসাইন গত শুক্রবার এক অনুষ্ঠানে ভ্যালেন্টাইনস ডে-কে ‘ইসলামি মূল্যবোধের বিরোধী’ আখ্যা দিয়ে পশ্চিমা এ সংস্কৃতি পরিহার করতে জনগণের প্রতি আহ্বান জানান।
ভারতে এই দিনে জনসমক্ষে ভালোবাসা প্রকাশের দায়ে তরুণ-তরুণীকে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার হুমকি দিয়ে মিছিল বের করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সম্পৃক্ত বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।