ভ্রমণ-নিষেধাজ্ঞা জারির খবরের সত্যতা নাকচ করেছে কুয়েত
কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ-নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে প্রচারমাধ্যমের খবরের সত্যতা অস্বীকার করেছে কুয়েত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ফেসবুকে ওই খবরের প্রশংসা করেছিলেন।
জর্ডানের আল বাওয়াবা ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, কুয়েত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ‘মতো করেই’ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, ‘ঢালাও নিষেধাজ্ঞা বহাল থাকার সময় সিরীয়, ইরাকি, ইরানি, পাকিস্তানি ও আফগানদের উপসাগরীয় দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে না।’ এ খবরটি বিশ্বজুড়ে ব্যাপক প্রচার পায়।
তবে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর সত্যতা নাকচ করে দিয়েছে। সরকারি বার্তা সংস্থা কুনা শুক্রবার বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘কুয়েত সুস্পষ্ট ভাষায় এ দাবি নাকচ করে দিচ্ছে। খবরে যেসব দেশের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বড়সংখ্যক নাগরিক কুয়েতে থাকেন, এবং তাঁরা পরিপূর্ণ অধিকার ভোগ করছেন।’