ভয়াবহ বিপর্যয়ের মুখে গাজার স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজার স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। সেখানে ২৭ দিন ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান, স্থল ও নৌ অভিযানে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আক্রমণ থেকে বাদ যায়নি সাধারণ ফিলিস্তিনিদের বাড়িঘর, দোকানপাট, বিশ্ববিদ্যালয়, শরণার্থীশিবির, মসজিদ, হাসপাতাল ও ক্লিনিক। খবর বিবিসির।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, গাজায় কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সহিংসতায় উপত্যকার চিকিৎসাসেবা, হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ উপনীত হয়েছে। দ্রুত পরিস্থিতির অবনতি হচ্ছে।
দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে নিয়োজিত জাতিসংঘের মানবিক কার্যক্রমবিষয়ক সমন্বয়কারী জেমস ডব্লিউ রলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘(গাজায়) আমরা মানবিক বিপর্যয়কর পরিস্থিতি দেখছি। অবশ্যই অবিলম্বে এই লড়াই থামাতে হবে।’
ইসরায়েল এবং গাজার শাসকগোষ্ঠী হামাসের মধ্যে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি মানবিক যুদ্ধবিরতি রাতারাতি ভেস্তে যাওয়ার এক দিন পর এই সতর্কবাণী উচ্চারণ করল জাতিসংঘ। যুদ্ধবিরতি ভেঙে পড়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও দেখা দিয়েছে গভীর হতাশা।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন হতাশা ব্যক্ত করে বলেন, ‘উভয় পক্ষ বিশেষত, গাজার বেসামরিক মানুষের জন্য এখন বেশি প্রয়োজন, তাঁদের আহত স্বজনদের পাশে দাঁড়ানো, নিহতদের দাফন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো মেরামতের সুযোগ দেওয়া।’
গত তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সহিংসতায় গাজার এক-তৃতীয়াংশ হাসপাতাল, ১৪টি প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিক এবং ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৯টি অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, কর্মরত অবস্থায় এ কয় দিনে অন্তত পাঁচ চিকিৎসাকর্মী হামলায় প্রাণ হারান। আহত হন বেশ কয়েকজন। সহিংসতা ছড়িয়ে পড়ায় অন্তত ৪০ শতাংশ চিকিৎসাকর্মী হাসপাতাল ও ক্লিনিকে যেতে পারছেন না। আর সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিকেরও প্রায় অর্ধেকটা হয়ে গেছে বন্ধ। যেসব হাসপাতাল ও ক্লিনিক চালু রয়েছে সেগুলোতেও ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। নেই পর্যাপ্ত বিদ্যুৎ ও পানি সরবরাহ।
ক্যামেরনের সমালোচনায় মিলিব্যান্ড
গাজায় ইসরায়েলি হামলার প্রশ্নে ডেভিড ক্যামেরনের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাজ্যের বিরোধী লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড। তিনি গত শনিবার রাতে বলেন, গাজা প্রশ্নে প্রধানমন্ত্রী হিসেবে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে মিলিব্যান্ড বলেন, ‘শান্তি রক্ষায় ডেভিড ক্যামেরনের অগ্রণী ভূমিকা পালন করা উচিত।’
ইসরায়েলি হামলার বিরোধিতা করে যুক্তরাজ্যের অনেক নেতা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। তাঁদের অন্যতম হলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সাবেক নেতা লর্ড অ্যাশডন। তিনি এই হামলাকে ‘বোকামি’ ও ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে উল্লেখ করেন।