মংডুতে পোড়া লাশ ধরে স্বজনের বিলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান-সমর্থিত ‘রোহিঙ্গা ভিশন’ নামের একটি ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিও চিত্রে আগুনে পোড়া কিছু মৃতদেহ এবং সেগুলোকে ঘিরে স্বজনদের আর্তনাদ করতে দেখা গেছে।

ভিডিওটির ধারাভাষ্যে বলা হয়েছে, রাখাইন রাজ্যের মংডুর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে ১৩ নভেম্বর অন্তত নয়জন মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে দেশটির সেনাবাহিনী। ওই দিনের পর থেকে ওই গ্রামের আরও ৯০ জন নারী-পুরুষ-শিশুর সন্ধান পাওয়া যায়নি বলেও এতে উল্লেখ রয়েছে। এলাকাটি বাংলাদেশের সীমান্ত থেকে খুব কাছে।

ভিডিওটিকে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এতে যাদের দেখানো হয়েছে তাদের ভাষা অনেকটা বাংলাদেশের চট্টগ্রাম এলাকার আঞ্চলিক ভাষার মতোই। মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন সময়ে এ রকম ভাষাতে কথা বলতে দেখা গেছে। ভিডিওতে আগুনে পোড়া ধ্বংসস্তূপের মধ্যে তিনটি মৃতদেহও দেখানো হয়।

মৃতদেহগুলোর আকার দেখে বোঝা যায়, এগুলো মানুষের মৃতদেহ, তবে পরিচয় উদ্ধারের কোনো উপায় নেই। ভিডিওতে একটি মৃতদেহের পাশে বসে দুই নারীকে কাঁদতে দেখা যায়। এক নারী একটি পোড়া মৃতদেহের মুখে হাত বোলাচ্ছিলেন এবং বিলাপ করছিলেন। পাশেই ছিল আরও একটি মৃতদেহ। ভিডিও চিত্রটিতে যিনি ধারাভাষ্য দিচ্ছিলেন, ভিডিওটিও তিনিই ধারণ করছিলেন বলে বিবিসির মনে হয়েছে। তবে তাঁকে দেখা যায়নি। তিনি বলছিলেন, মিয়ানমারের সেনাবাহিনী ১৩ নভেম্বর এ ঘটনা ঘটিয়েছে।