মজুত ছিল কয়েক শ টন সায়ানাইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বন্দরনগর তিয়ানজিনের বিস্ফোরণস্থলে কয়েক শ টন মারাত্মক বিষাক্ত সায়ানাইড মজুত ছিল। গতকাল রোববার বেইজিং সামরিক অঞ্চলের চিফ অব দ্য জেনারেল স্টাফ শি লুজে এ কথা জানিয়েছেন। তাঁর এ মন্তব্যের মাধ্যমে বিস্ফোরণস্থলের কেন্দ্রে ঝুঁকিপূর্ণ দ্রব্যের গুদামে ওই রাসায়নিক থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো। খবর এএফপি ও রয়টার্সের।
এদিকে বুধবারের ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১২। এ ছাড়া ৯৫ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ৮৫ জনই দমকলকর্মী। কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এ পর্যন্ত উদ্ধার করা অজ্ঞাত এমন ৮৮ জনের লাশের মধ্যে ফায়ার সার্ভিসের নিখোঁজ সদস্যদের কারও কারও লাশ থাকতে পারে। হাসপাতালগুলোতে এখনো ভর্তি আছেন ৭২০ জনেরও বেশি। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর চীনের সামরিক বাহিনীর রাসায়নিক যুদ্ধ স্কোয়াডের সদস্যরা বিস্ফোরণস্থলের নিয়ন্ত্রণ নেয়। তিয়ানজিনের এই বিস্ফোরণকে চীনের সাম্প্রতিককালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্পদুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সামরিক কর্মকর্তা শি লুজে এক সংবাদ সম্মেলনে বলেন, বিস্ফোরণের দুটি স্থানে সায়ানাইড শনাক্ত করা হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ওই রাসায়নিকের পরিমাণ ছিল কয়েক শ টন। এর আগে চীনের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ঘটনাস্থলে ৭০০ টন সোডিয়াম সায়ানাইড ছিল।
ঘটনার পর রাসায়নিক দূষণের আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্বাভাবিকের তুনায় ক্ষতিকর রাসায়নিকের মাত্রা বেশি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তিয়ানজিনের বাতাস ও পানি নিরাপদ বলে বারবার আশ্বস্ত করছে।