মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ নেপালের আইনপ্রণেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের আইনপ্রণেতারা পার্লামেন্টে টানা দুই দিন হট্টগোলের পরও নতুন সংবিধানের খসড়া প্রণয়নে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। এই খসড়া গতকাল শুক্রবারের মধ্যেই চূড়ান্ত করার কথা ছিল। খবর রয়টার্সের।
স্থিতিশীলতা নিশ্চিত করতে নেপালের নতুন সংবিধান প্রণয়ন জরুরি। বিরোধীদলীয় আইনপ্রণেতারা গত বৃহস্পতিবার পার্লামেন্টে তুমুল হট্টগোল করেন। তাঁদের অভিযোগ, ক্ষমতাসীন জোট খসড়া সংবিধানে রাজনৈতিকভাবে বিভক্তিমূলক বিষয় অন্তর্ভুক্ত করতে চায়।
সাংবিধানিক পরিষদের প্রধান সুবাস নেমওয়াং বলেন, রাজনৈতিক নেতাদের অবশ্যই জনগণের কাছে অঙ্গীকার পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে। সংবিধানের খসড়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে আরও কয়েক মাস লেগে যেতে পারে।
২০০৮ সালে ২৩৯ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর থেকে নেপালে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। এর এক বছর আগে মাওবাদী বিদ্রোহীদের অংশগ্রহণে গৃহযুদ্ধের শেষ পর্যায়ে একটি অন্তর্বর্তী সংবিধান প্রণয়ন করা হয়। এখন নতুন প্রদেশগুলো কীভাবে গঠন করা হবে, তা নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে তিক্ত বিরোধ দেখা দিয়েছে।