সিরিয়ায় নতুন একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি অবস্থানে এসেছে ওয়াশিংটন ও মস্কো। তবে চূড়ান্ত চুক্তি পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি।
শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ সাংবাদিকদের এ কথা জানান।
জেনেভা লেকের তীরে একটি বিলাসবহুল হোটেলে বৈঠক করার পর যৌথ সংবাদ সম্মেলনে কেরি ও লাভরভ কথা বলেন।
জন কেরি সাংবাদিকদের বলেন, ‘আজ আমি আপনাদের বলতে পারি, সামনে এগোনোর একটা পরিষ্কার পথ আমরা খুঁজে পেয়েছি।’ তিনি বলেন, একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পথে যতগুলো বড় কারিগরি প্রতিবন্ধকতা ছিল তার ‘বড় একটা অংশ’ অপসৃত হয়েছে; তবে এখনো কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে।
জন কেরির কথার প্রতিধ্বনি করে সেরগেই লাভরভ বলেন, সিরিয়ায় সহিংসতা বন্ধের লক্ষ্যে প্রস্তাবিত চুক্তিতে পৌঁছানোর ‘অতি গুরুত্বপূর্ণ ধাপ’ পার হওয়া গেছে।
কেরি বলেন, টেকসই চুক্তিতে পৌঁছানোর জন্য অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের পন্থা বের করতে জেনেভাতেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশেষজ্ঞরা সামনের দিনগুলোতে আলোচনা চালিয়ে যাবেন। তিনি বলেন, ‘আমাদের কোনো পক্ষই তড়িঘড়ি করে এমন কোনো চুক্তির ঘোষণা দেবে না, যেটিকে ব্যর্থ চুক্তি বলে মানুষ আগাম ঘোষণা দিয়ে ফেলবে। আমরা চুক্তির জন্য চুক্তি করতে চাই না।’
এ বছরের গোড়ার দিকে সিরিয়ার যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি হয়েছিল। কিন্তু সেটি টেকেনি। এ বিষয়টি স্বীকার করে কেরি বলেন, চুক্তি লঙ্ঘন করা ব্যতিক্রম ঘটনা না হয়ে যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
বেশ কয়েক দফায় জন কেরি ও লাভরভ দীর্ঘ ১০-১২ ঘণ্টা বৈঠক করেন। বৈঠকের ফাঁকে জাতিসংঘের সিরিয়াবিষয়ক শান্তিদূত স্তেফান দো মিস্তুরাও তাঁদের সঙ্গে দেখা করেন। বৃহস্পতিবার মিস্তুরা বলেছিলেন, এই দুই নেতার বৈঠকে সিরিয়া নিয়ে আলোচনার স্থবিরতা কেটে যাবে বলে তিনি আশা করছেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাশিয়া সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে, বাশারবিরোধীদের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।