মদেশি বিক্ষোভে ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার
নতুন সংবিধান বাতিলের দাবিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে তিন দিন ধরে চলা বিক্ষোভের মধ্যে এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই নাগরিকের নাম মার্টিন ট্রাভার্স বলে জানিয়েছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত সোমবার বিক্ষোভ চলাকালে ওই নাগরিককে গ্রেপ্তার করা হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলেছে, গ্রেপ্তার হওয়া নাগরিককে আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছে ব্রিটিশ সরকার। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা যাদব কৈরালা বলেন, ওই বিক্ষোভে জড়িত ছিলেন—এমন প্রমাণ পাওয়া গেলে ট্রাভার্সকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে। তবে কৈরালা বলেন, ট্রাভার্স জানিয়েছেন তাঁকে বিক্ষোভে অংশ নিতে বাধ্য করা হয়েছে। এ কথা ঠিক হলে তাঁকে মুক্তি দেওয়া হবে। নেপালের সংখ্যালঘু মদেশীয়রা দেশটিতে নতুন গৃহীত সংবিধানকে অধিকারের পরিপন্থী বলে এটি বাতিলের দাবিতে আন্দোলন করছে।