মধেশি সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দীর্ঘ চার মাস ধরে চলমান রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে নেপাল সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভারত। নেপালে গত সেপ্টেম্বরে নতুন সংবিধান গৃহীত হওয়ার পর থেকে মধেশীয় জাতিগোষ্ঠীর সংগঠনগুলো বিক্ষোভ শুরু করে। এতে ভারতের সঙ্গে বাণিজ্য ব্যাহত হওয়ায় স্থলবেষ্টিত নেপালে নিত্যপণ্য ও ওষুধ এবং জ্বালানির সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।
নেপালি উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কমল থাপা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে সোমবার বলেন, সংকট নিরসনের লক্ষ্যে নেপালের মন্ত্রিসভা কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এসবের মধ্যে রয়েছে আনুপাতিক অন্তর্ভুক্তির মাধ্যমে বিভিন্ন রাজ্যের সীমানা নির্ধারণ এবং জনসংখ্যার ভিত্তিতে নির্বাচনী আসন নির্ধারণের জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নেপালের এসব ‘ইতিবাচক’ উদ্যোগকে নয়াদিল্লি স্বাগত জানায়। এগুলো দুই দেশের রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির জন্য সহায়ক হবে। বিবৃতিতে বলা হয়, ভারত একটি প্রতিবেশী রাষ্ট্র এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে নেপালে সংবিধান নিয়ে অভ্যন্তরীণ বিরোধ ও অস্থিতিশীলতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।
নেপালের রাজনৈতিক শক্তিগুলোকে সংকটের সন্তোষজনক সমাধান খুঁজে পাওয়ার জন্য বিচক্ষণতা ও নমনীয়তার পরিচয় দেওয়ার তাগিদ দিয়ে ভারতীয় বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, তারা উভয় পক্ষের মতামতের ভিত্তিতে একটি সময়সীমার মধ্যে গঠনমূলক সংলাপের আয়োজন করবে। এতে আরও বলা হয়, ভারতের বিশ্বাস, নেপালে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং দুই দেশের মধ্যে অবাধ বাণিজ্যের জন্য অধিকতর নিরাপদ একটি পরিবেশ তৈরি হবে। নেপালের দলগুলোর অভিযোগ, রাজনৈতিক চাপ তৈরি করতে ভারত দেশটির ওপর অনানুষ্ঠানিক অবরোধ আরোপ করেছে। তবে এ কথা প্রভাবশালী প্রতিবেশী দেশটি অস্বীকার করেছে।
নতুন সংবিধানের বিরুদ্ধে নেপালে গত চার মাসের সহিংসতায় অন্তত ৫৫ জন প্রাণ হারিয়েছে। মধেশি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তেরাই অঞ্চলের কয়েকটি নৃগোষ্ঠী নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ করছে। তাদের আশঙ্কা, এতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যে নতুন প্রাদেশিক সীমানা নির্ধারিত হয়েছে তাতে সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হবে। তবে সংবিধান সংশোধনের লক্ষ্যে নেপালি পার্লামেন্টে ১৫ ডিসেম্বর একটি বিল উত্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন রাজ্যের সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলোর আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে।