মধ্যপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, নিহত ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বন্যার পানির তোড়ে সেতু ভেঙে পড়ায় দুটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশ রাজ্যের হারদায় গত মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি ও হিন্দুস্তান টাইমসের।
মাচাই নদীর সেতুর ওপর দিয়ে দুটি ট্রেন পাশাপাশি যাওয়ার সময় পানির তোড়ে সেতুটি ভেঙে পড়ে। এতে ট্রেনের কয়েকটি বগি পড়ে গিয়ে নদীতে ডুবে যায়। দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৩০০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বারানসি থেকে মুম্বাইগামী কামাইয়ানি এক্সপ্রেসের ১০টি বগি এবং উল্টো দিক থেকে আসা জনতা এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়। দুই ট্রেনে কত যাত্রী ছিল তা জানা যায়নি।
নিহত লোকজনের মধ্যে ১০ জনই নারী ও পাঁচটি শিশু। দুর্ঘটনায় আহত হয়েছেন ৭০ জন। দুর্ঘটনার পর চারটি ট্রেনের যাত্রা বাতিল ও ৭২টি ট্রেন ভিন্ন পথে নেওয়া হয়। রেলমন্ত্রী সুরেশ প্রভু গতকাল পার্লামেন্টে দেওয়া ভাষণে দুর্ঘটনার কারণ সম্পর্কে বলেন, বন্যায় সেতুতে পানি উঠে গিয়েছিল।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে দুই লাখ এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।