মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ফের শুরুর চেষ্টা

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টা হিসেবে ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে গতকাল রোববার। ৭০টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন এই সম্মেলনে। আশা করা হচ্ছে, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের ইতি টানতে এবং ‘দুই রাষ্ট্র সমাধান’কে সমর্থন করবেন প্রতিনিধিরা।
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হলেও দুই দেশকে সম্মেলনে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তাদের অনুপস্থিতিতেই শুরু হয়েছে আলোচনা। তবে আলোচনার ফলাফল শুনতে আমন্ত্রণ জানানো হয়েছে ফিলিস্তিনি ও ইসরায়েলকে।
প্যারিস সম্মেলনকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। কিন্তু ইসরায়েল দাবি করছে, এই সম্মেলন তাদের বিরুদ্ধে হচ্ছে। তারা সম্মেলনের সিদ্ধান্ত মানবে না।
২০১৪ সালের এপ্রিলে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সংলাপ ভন্ডুল হয়ে যায়। এরপর এ ধরনের কিছু প্রচেষ্টা নেওয়া হলেও সফলতা আসেনি।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের শাসনামলে এটি দ্বিতীয় উদ্যোগ। এর আগে গত জুনে ২০টি দেশ ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে হয়েছিল সম্মেলন।
গত ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ফিলিস্তিনের অধিকৃত ভূমিতে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রস্তাব পাস হওয়ার পর ইসরায়েল ও বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই প্যারিস সম্মেলন হচ্ছে। প্যারিস সম্মেলনকে শান্তি প্রক্রিয়াকে ‘পিছিয়ে দেওয়ার’ পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।