মধ্যপ্রাচ্যফেরত আইএস যোদ্ধারা ফিলিপাইনে ঘাঁটি গাড়বে?
মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের পর সেখান থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ঘাঁটি গাড়তে চাইছে। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরে শুরু হওয়া তিন দিনব্যাপী মিলিপোল সম্মেলনে এ কথা উঠে এসেছে।
সন্ত্রাস দমন নিয়ে কাজ করা সিঙ্গাপুরের নিরাপত্তা বিশেষজ্ঞ রোহান গুনারত্নে সম্মেলনে বলেন, ‘আইএস ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে তাদের ঘাঁটি গড়তে অগ্রসর হচ্ছে।...তারা আনুষ্ঠানিকভাবে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলকে আইএসের পূর্ব-এশিয়া অঞ্চল ঘোষণা করেছে।’
রোহান গুনারত্নে বলেন, এর ফলে এ বছর এই অঞ্চলে হুমকি বেড়েছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের অস্থিরতা, অস্ত্রের সহজলভ্যতা, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ও শরণার্থী প্রভাব—এগুলো বিদেশি জঙ্গিদের সেখানে ভেড়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে বলে মন্তব্য করেন এই নিরাপত্তা বিশেষজ্ঞ।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী কে শানমুগাম বলেন, ফিলিপাইনের দক্ষিণাঞ্চল এমন একটি এলাকা হতে চলেছে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তাঁর আশঙ্কা, ওই অঞ্চলটি জঙ্গিদের প্রশিক্ষণ নেওয়া ও সহজে অস্ত্রশস্ত্র আসার জায়গা হয়ে উঠতে পারে।