সৌদি–মার্কিন সম্পর্ক নিয়ে ওয়াশিংটন পোস্ট
মধ্যপ্রাচ্যের অস্থিরতা প্রভাব ফেলবে দ্বিপক্ষীয় সম্পর্কে
আশির দশকের শেষ দিকের কথা। সৌদি আরবের রিয়াদে নিযুক্ত একজন মার্কিন কূটনীতিক তখনকার যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজের কাছে ছোট্ট একটা আনুকূল্য প্রার্থনা করলেন। জবাবে আবদুল্লাহ বললেন: যে বন্ধু আপনাকে সাহায্য করে না, তার চেয়ে বরং কোনো ক্ষতি করে না, এমন শত্রুই ভালো। অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের একে অপরের সহায়তা বেশি দরকার। কারণ, মধ্যপ্রাচ্য এখন এমন এক অস্থিরতার মুখোমুখি, যার বিস্তৃতি সিরিয়া থেকে ইরাক হয়ে সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেন পর্যন্ত। সেখানে সন্ত্রাসবাদের হুমকি যেমন মাথাচাড়া দিয়েছে, তেমনি রয়েছে ইরাকে মার্কিন হস্তক্ষেপের পর উঠে আসা নেতৃত্বের প্রতি হুমকিও। আরব বিশ্বেও সৌদি নেতৃত্ব এখন প্রশ্নের মুখে।
সদ্যপ্রয়াত বাদশা আবদুল্লাহর প্রতি শ্রদ্ধা জানাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ভারত সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার সৌদি আরবে যান। তাঁর এ সফরের লক্ষ্য ছিল নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা।
বারাক ওবামা এক বিবৃতিতে প্রয়াত আবদুল্লাহ সম্পর্কে বলেন, ‘নেতা হিসেবে তিনি সব সময়ই ছিলেন দিলখোলা। তাঁর ছিল নিজের দৃঢ়বিশ্বাসে অটল থাকার সাহস।’
অবশ্য ওবামার মেয়াদের বেশির ভাগ সময়ই সৌদি আরবকে হন্যে হয়ে একটা প্রশ্নের উত্তর খুঁজে ফিরতে হয়েছে: যুক্তরাষ্ট্র তাদের ‘অকাজের বন্ধু’র শ্রেণিতে চলে গেছে কি না। এ অঞ্চল নিয়ে মার্কিন প্রতিশ্রুতিকে এখন সন্দেহের চোখেই দেখছে সৌদিরা।
কূটনীতিকেরা বলছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে ওবামার ব্যর্থতার কারণে সম্প্রতি বাদশাহ আবদুল্লাহ ক্ষুব্ধ হয়ে ওঠেন। পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্র ‘যথেষ্ট চাপ না দেওয়ায়’ তিনি যেমন হতাশ ছিলেন, তেমনি উদ্বিগ্ন ছিলেন মার্কিন-ইরান পরমাণু আলোচনা শুরু হওয়ায়। রিয়াদের ভয়, তার প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নতুন মোড় নেবে হয়তো। গুরুত্ব কমে যাবে সৌদির।
তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, গত কয়েক মাসে ওয়াশিংটন ও রিয়াদের সম্পর্ক আবার উষ্ণ হয়েছে। বিশেষ করে গত বছরের মার্চে ওবামার সৌদি আরব সফরের পর থেকে পরিস্থিতি বদলে গেছে। দুই দেশই এখন ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান ঠেকাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে।
শিয়া ইরান ও সিরিয়ার বাইরে সৌদি আরবের জন্য এখন আরেক বড় উদ্বেগ ইয়েমেন। সৌদি আরবের পাশেই অবস্থিত দেশটির সরকার গত সপ্তাহে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হাতে পড়ে গেলেও যুক্তরাষ্ট্র তেমন কোনো উচ্চবাচ্য করেনি। জেনেভাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গালফ রিসার্চ সেন্টারের নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিষয়ক পরিচালক মুস্তফা আলানির মতে, লেবাননের ইরান-সমর্থিত হেজবুল্লাহ গোষ্ঠীর মতোই সৌদি আরব এখন নিজের দরজার কাছে আরেক গোষ্ঠীর উত্থান দেখতে পাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যেই সৌদি আরবের সুন্নি নেতৃত্ব মর্যাদাহানির মুখে পড়েছে বলে মনে করছেন সৌদি ও পশ্চিমা পর্যবেক্ষকেরা।
নতুন বাদশাহ সালমান সদ্যপ্রয়াত আবদুল্লাহর নীতির ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দিয়েছেন। আবদুল্লাহ দেশে কিছু প্রগতিশীল সংস্কার হাতে নিলেও নারীর প্রতি বৈষম্য এবং ভিন্নমতাবলম্বীদের দমনের কারণে সমালোচিত ছিলেন। ধর্মীয় বিষয়গুলোতে নতুন বাদশা সালমান আরও রক্ষণশীল বলেই পরিচিত। তাহলে আবদুল্লাহ-পরবর্তী সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন পথে? টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের বুশ স্কুল অব গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সার্ভিস বিভাগের প্রধান এফ গ্রেগরি গজ বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে পারস্পরিক বিভিন্ন স্বার্থই তাদেরকে একসঙ্গে থাকার অনুপ্রেরণা জোগাবে।