‘মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমা হামলার ঘটনার পর কাবুল বিমানবন্দর অভিমুখী বিভিন্ন সড়কে কড়া পাহারা বসায় তালেবান। গতকাল কাবুলে
ছবি: রয়টার্স

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণের ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তির সাক্ষাৎকার প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রের বিশেষ অভিবাসী ভিসা পেয়ে অন্যদের মতো তিনিও বিমানবন্দরের ফটকের বাইরে অপেক্ষা করছিলেন। হাজার হাজার মানুষের মতো তিনিও দেশত্যাগে উড়োজাহাজে ওঠার অপেক্ষায় ছিলেন।

বিমানবন্দরে প্রবেশের অপেক্ষায় দীর্ঘ ১০ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। স্থানীয় সময় আনুমানিক বিকেল পাঁচটার দিকে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

ওই ব্যক্তি বলেন, ‘মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। হঠাৎ মনে হলো আমার কানের পর্দা ফেটে গেছে, এরপর আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না।’

‘অসংখ্য দেহ ও এর অঙ্গপ্রত্যঙ্গ বাতাসে উড়ে যাচ্ছিল, যেভাবে টর্নেডো প্লাস্টিকের ব্যাগ উড়িয়ে নেয়। সেখানে বয়স্ক ব্যক্তি, আহত নারী-পুরুষ ও শিশুদের দেহ ও অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে ছিল।’ তিনি বলেন, ‘জীবিত অবস্থায় কারও পক্ষে কিয়ামত দেখা সম্ভব নয়, কিন্তু আজ আমি নিজের চোখে যেন কিয়ামত দেখলাম।’

ওই ব্যক্তি তাঁর নাম–পরিচয় প্রকাশ করতে চাননি। কাবুল শহর বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে থাকায় যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা সমর্থিত সরকারের সঙ্গে কাজ করা ব্যক্তি বা সংস্থা চরম আতঙ্কের মধ্যে আছে। যদিও তালেবান বারবার বলছে যে আফগান নাগরিকদের অধিকার নিশ্চিত করা হবে এবং কারও কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে না।

তালেবানকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার পর গত ২০ বছরে কাবুলে মাঝেমধ্যেই আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। শহরের লোকজন সেসব ঘটনায় পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিস্ফোরণস্থল ঘিরে রাখা ও সেখান থেকে মরদেহ ও আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া দেখছেন।

প্রত্যক্ষদর্শী বলেন, ‘আজকের ঘটনা সামাল দেওয়া কারও পক্ষেই সম্ভব ছিল না। যেমন বিস্ফোরণের পরে পড়ে থাকা মরদেহ, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া।’ তিনি আরও বলেন, ‘রাস্তার ওপর ও ড্রেনে মৃত ব্যক্তি এবং আহতরা পড়ে ছিল। ড্রেনের পানি আহত ব্যক্তিদের রক্তে রঞ্জিত হয়ে যায়।’ ‘শারীরিকভাবে আমি সুস্থ আছি, কিন্তু আজকের ঘটনার পরে মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারব জানি না।’