
৬ আগস্ট, ১৯৪৫। সকাল সোয়া আটটা। যুক্তরাষ্ট্রের বি-২৯ বোমারু বিমান উড়ে এল জাপানের হিরোশিমা শহরের আকাশে। টুপ করে ফেলল ‘লিটল বয়’ নামের ভয়াবহ পারমাণবিক বোমা। ৪৩ সেকেন্ড পর নরক নেমে এল শহরটির ওপর। অচিরেই সেই ভয়াবহতার কথা জেনে গেল পুরো বিশ্ব।
১০ লাখ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুনের গোলা নিমেষেই ছড়িয়ে পড়ল এক মাইল এলাকাজুড়ে। ১৬ কিলোমিটার উঁচু আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেল হিরোশিমার আকাশে। পুড়ে ছারখার হয়ে ধ্বংসস্তূপে পরিণত হলো পুরো এলাকা। মানুষের অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। অতিমাত্রার তাপের শিকার অনেকের শরীরের ছায়ামাত্র লেগে রইল দেয়ালে। আহত ব্যক্তিদের আর্তনাদ আর পুড়ে যাওয়া মানুষের মাংস পোড়ার গন্ধে ভারী হলো হিরোশিমার বাতাস।
বিশ্বে পারমাণবিক বোমার প্রথম ওই হামলার ঘটনা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এতে ১ লাখ ৪০ হাজার মানুষ মারা যায়। হামলার পরে তেজস্ক্রিয়তার কারণে অনেক শিশুরই জন্ম হয় বিকলাঙ্গ হয়ে।
হিরোশিমায় মার্কিন হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন সুনাও টিসুবোই। বর্তমানে ৯০ বছর বয়সী টিসুবোই তখন ছিলেন কলেজছাত্র। ‘আমি জানি না, কীভাবে বেঁচে গেলাম। কীভাবেই বা এত দিন বাঁচলাম’, বলেন তিনি। বোমা হামলার কেন্দ্রস্থল থেকে সোয়া এক কিলোমিটার দূরে ছিলেন টিসুবোই। তা-ও বিস্ফোরণের ধাক্কা তাঁকে উড়িয়ে নিয়ে বেশ কিছু দূরে নিয়ে ফেলে। যখন উঠে দাঁড়ালেন, তখন শরীরে দুঃসহ যন্ত্রণা। প্রায় পুরো শরীর পুড়ে গিয়েছিল। একটু পরে বোঝেন তাঁর একটি কানের কিছু অংশ ছিঁড়ে গেছে। ওই সময়ের কথা মনে করে টিসুবোই বলেন, চারদিকে লাশ পড়ে আছে। কোনো কোনো লাশের অঙ্গপ্রত্যঙ্গ বোঝা যাচ্ছে না, পুড়ে অঙ্গার হয়ে গেছে।
হামলার ৭০ বছর পরও ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বেঁচে থাকা জাপানিদের স্মৃতিতে বীভৎসতার ক্ষত এখনো দগদগে। টিসুবোই বলেন, ওই ভয়াবহ সময়ের কথা যত বেশি চিন্তা করি, ততই যন্ত্রণাদায়ক হয়ে সেই স্মৃতি উঠে আসে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিপক্ষ জাপানকে চূড়ান্তভাবে পরাস্ত করতে হিরোশিমায় হামলার পর ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরেও পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। ওই হামলায় ৭৪ হাজার মানুষ মারা যায়। জাপানের মর্মান্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে বিশ্ব পারমাণবিক বোমার ভয়াবহতা সম্পর্কে জানতে পারে। এ বোমার বিরুদ্ধে বিশ্বজুড়ে গড়ে ওঠে জনমত। সূত্র: এএফপি।