মন্ত্রী, কমান্ডারদের পদত্যাগ দাবি আফগানদের
আফগানিস্তানে সেনাঘাঁটিতে তালেবান হামলায় অন্তত ১০০ সেনা নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার জাতীয় শোক পালন করেছে দেশটির মানুষ। সেনাদের ওপর এ রক্তক্ষয়ী হামলায় ক্ষুব্ধ আফগান জনগণ শীর্ষ সেনা কমান্ডার ও সরকারের মন্ত্রীদের পদত্যাগ দাবি করেছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে অবস্থিত একটি সেনাঘাঁটিতে গত শুক্রবার সেনার ছদ্মবেশে হামলা চালায় তালেবান। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, হামলায় শতাধিক সেনাসদস্য নিহত বা আহত হয়েছেন। এক সেনা সূত্র দাবি করেছে, নিহত সেনার সংখ্যা প্রায় ১৫০ জন।
শোক পালনের অংশ হিসেবে দেশজুড়ে গতকাল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সেই সঙ্গে হামলায় নিহত ব্যক্তিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে সাধারণ আফগানরা তালেবান হামলার এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সেনা কমান্ডার ও সরকারের মন্ত্রীদের পদত্যাগের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, সরকারের অক্ষমতার কারণেই তালেবানরা একের পর এক হামলা চালাতে পারছে।