আফগানিস্তানে গুরুত্বপূর্ণ তিন মন্ত্রীকে বরখাস্ত করার পর নতুন করে আর কোনো মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট না দিতে দেশটির নেতারা পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট আশরাফ গনি এবং প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ গতকাল রোববার এ আহ্বান জানান।
কয়েকজন আইনপ্রণেতা গতকাল বলেন, আরও কয়েকজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হলে ইতিমধ্যে নানা ঝামেলায় জর্জরিত সরকার বিপর্যয়ের মুখে পড়তে পারে। এমন আশঙ্কা থেকেই প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী এই আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন রব্বানি, গণপূর্তমন্ত্রী মাহমুদ বলিঘ এবং সমাজকল্যাণমন্ত্রী নাসরিন ওরাইয়াখেলের বিরুদ্ধে শনিবার অনাস্থা ভোট হয়। ভোটে হেরে যাওয়ায় পার্লামেন্টের স্পিকার তাঁদের বরখাস্ত করার ঘোষণা দেন। ওই দিনই পার্লামেন্ট সদস্যরা ঘোষণা দেন, আরও ১৪ জন মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেওয়া হবে। এর কয়েক ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী আইনপ্রণেতাদের প্রেসিডেন্ট প্রাসাদে ডেকে তাঁদের সঙ্গে কথা বলেন। সেখানে তাঁদের আর কোনো অনাস্থা প্রস্তাব না আনার আহ্বান জানানো হয়।
পার্লামেন্টের সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান মিরদাদ নাজরাবি রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট গনি এবং আবদুল্লাহ এমপিদের বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত সংকটময় এই সময়ে সরকারের ওপর বড় আঘাত হিসেবে নেমে আসতে পারে।