মন্দির থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাঘ

থাইল্যান্ডের বিতর্কিত ‘ওয়াট ফা লুয়াং তা বুয়া’ মন্দির থেকে বাঘ সরিয়ে ফেলা শুরু করেছে দেশটির বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। বন্য প্রাণী পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে এ অভিযান চালানো হচ্ছে।
গত সোমবার দেশটির কাঞ্চনাবুরি প্রদেশের ওই মন্দিরে থাকা ১৩৭টি বাঘের মধ্যে তিনটি সরিয়ে ফেলে কর্তৃপক্ষ। এক হাজার লোককে এই কাজে নিযুক্ত করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে বাকি বাঘগুলো সরিয়ে ফেলা হবে।
‘ওয়াট ফা লুয়াং তা বুয়া’ মন্দিরের ভিক্ষুদের বিরুদ্ধে বাঘের ক্ষতিসাধন, অবৈধ প্রজনন ও বন্য প্রাণী পাচারসহ বাণিজ্যের অভিযোগ করে আসছিল থাইল্যান্ডের বন্য প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো।
অভিযানের শুরুতে ভিক্ষুরা বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে আদালতের আদেশ দেখানো হলে তাঁরা পিছু হটেন। উদ্ধারের পর বাঘগুলোকে থাইল্যান্ডের সরকারি বন্য প্রাণী আশ্রয়কেন্দ্রে রাখা হচ্ছে।
মন্দিরটিতে বাঘ থাকায় অনেক দর্শনার্থীর ভিড় জমত। এ কারণে মন্দিরে প্রবেশের জন্য ফি নেওয়া হতো। দর্শনার্থীরা অর্থের বিনিময়ে বাঘগুলোকে বাইরের খাবার দিতে ও ছবি তুলতে পারতেন।
থাইল্যান্ডের ন্যাশনাল পার্ক অধিদপ্তরের উপমহাপরিচালক আদিসোরন নাচদামরং বলেন, ‘আমরা এবার আদালতের আদেশ নিয়ে এসেছি। এর আগে মন্দির কর্তৃপক্ষকে সাহায্য করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা তা করেনি।’
অনুমতি ছাড়া বিভিন্ন প্রাণী রাখায় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মন্দিরটিতে অভিযান চালিয়েছিল কর্তৃপক্ষ। তখন সেখানকার বিভিন্ন প্রাণী সরিয়ে নেওয়া হয়েছিল।