মন্দির থেকে বাঘ উদ্ধারের ঘটনায় আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ‘ওয়াট ফা লুয়াং তা বুয়া’ বৌদ্ধমন্দির থেকে বাঘ উদ্ধারের ঘটনায় আজ বৃহস্পতিবার একজন বৌদ্ধ ভিক্ষুসহ তিনজনকে আটক করেছে থাই পুলিশ। খবর বিবিসির।

ও​ই মন্দিরে ফ্রিজের ভেতর থেকে গতকাল বুধবার ৪০টি মৃত বাঘের বাচ্চা উদ্ধার করেছে দেশটির বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। বন্য প্রাণী পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে কয়েক দিন ধরে অভিযান চালানো হচ্ছে।
থাই পুলিশ আজ একটি লরি থেকে একজন বৌদ্ধ ভিক্ষুসহ তিনজনকে আটক করে। ওই তিনজন লরিতে উঠে মন্দির এলাকা থেকে পালিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
থাইল্যান্ডের ওয়াইল্ড লাইফ কনজারভেশন অফিসের পরিচালক তেউনচাই নুচদুমরং বলেন, ​ওই মন্দিরের পরিচালকেরা সম্ভবত বাঘ পাচারের সঙ্গে জড়িত ছিলেন। এটা করে তাঁরা আইন লঙ্ঘন করেছেন।