মসুল অভিযানে ইরাকি বাহিনীর বড় অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকি সেনারা ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে উত্তরের গুরুত্বপূর্ণ শহর মসুল পুনরুদ্ধারের পথে বেশ খানিকটা এগিয়েছে। তারা গতকাল মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালায়। কুর্দি যোদ্ধারা হামলায় ইরাকি বাহিনীর সঙ্গে যোগ দিচ্ছে। মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়ে সহায়তা দিচ্ছে।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, মসুল পুনরুদ্ধারের অভিযানে ইরাকি বাহিনী নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে রয়েছে। তবে শহরটিকে জঙ্গিদের দখলমুক্ত করতে কিছু সময় লাগতে পারে। আইএসের যোদ্ধারা কতটা প্রতিরোধ গড়ে তোলে, তার ওপরই বিষয়টি নির্ভর করছে। মসুলে তিন থেকে পাঁচ হাজার আইএস জঙ্গি রয়েছে। ইরাকে এটিই আইএসের সর্বশেষ বড় ঘাঁটি।
কুর্দি বাহিনী অভিযানের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই বেশ কয়েকটি গ্রাম দখল করে নেয়। সোমবার সন্ধ্যায় কুর্দিরা ঘোষণা দেয়, তাদের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর সবই পূরণ হয়েছে। ২৪ ঘণ্টার লড়াইয়ে তারা ২০০ বর্গকিলোমিটার এলাকা এবং নয়টি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে।
ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রায় ৩০ হাজার সদস্য, কুর্দি যোদ্ধা, সুন্নি আরব উপজাতীয় সম্প্রদায়ের লোকজন এবং শিয়া আধাসামরিক বাহিনী গত সোমবার একযোগে মসুলের দিকে অভিযান শুরু করে।
মসুলের প্রধান দুই প্রবেশপথের অবস্থান শহরের দক্ষিণ দিকে। কায়ারাহ্ থেকে সেনারা সেদিকে এগোচ্ছে। পূর্বদিকে কুর্দি পেশমেরগা যোদ্ধারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ইরাকি সেনারা দক্ষিণ দিক থেকে টাইগ্রিস নদী ধরে অগ্রসর হচ্ছে।
তুর্কি বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো গতকাল ইরাকি সেনা ও কুর্দি পেশমেরগা বাহিনীর সহায়তায় মসুলের লড়াইয়ে যোগ দিয়েছে বলে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানিয়েছেন। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ-ইভ লো দ্রিয়াঁ গতকাল বলেন, মসুলের যুদ্ধ কয়েক মাস ধরে চলতে পারে।
আইএস জঙ্গিরা ২০১৪ সালের জুনে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের নিয়ন্ত্রণ নেয়। তারা দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের একটি বড় অংশ দখল করে রেখেছে। আইএস নেতা আবু বকর আল-বাগদাদি মসুলের একটি মসজিদ থেকেই ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তাই শহরটিকে মুক্ত করতে পারলে সেটা ইরাকি বাহিনীর ‘প্রতীকী’ বিজয় বলেই গণ্য হবে।
এদিকে ইরাকী বাহিনী যতই মসুলের দিকে এগোচ্ছে, শহরটির বেসামরিক লোকজনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ততই বাড়ছে। তারা কার্যত শহরটিতে আটকা পড়েছে। জাতিসংঘ বলছে, মসুলে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে প্রায় এক লাখ বেসামরিক লোক সীমান্ত পেরিয়ে প্রতিবেশী সিরিয়া ও তুরস্কে চলে যেতে পারে। মসুলে প্রায় ১৫ লাখ মানুষের বাস। আশঙ্কা রয়েছে, আইএস হয়তো তাদের মানববর্ম হিসেবে ব্যবহার করতে পারে।
তেলসম্পদে সমৃদ্ধ নিনেভে প্রদেশের রাজধানী মসুল নানা কারণে গুরুত্বপূর্ণ। সেখানে সুন্নি আরব, কুর্দি, অ্যাসিরীয় এবং তুর্কি বংশোদ্ভূত জনগোষ্ঠীর বসবাস। ধর্মীয় সংখ্যালঘু কয়েকটি সম্প্রদায়ের লোকজন আইএসের হাতে পতনের পর সেখান থেকে পালিয়ে গেলেও অনেক সুন্নি মুসলিম আরব রয়ে গেছে। তারা প্রথম দিকে জঙ্গিদের স্বাগত জানিয়েছিল। শিয়া-আরব নেতৃত্বাধীন সাবেক কেন্দ্রীয় সরকারের ‘পক্ষপাতমূলক’ জাতিগত নীতির কারণেই তারা এমন অবস্থান নেয়। তবে আইএসের দুই বছরের নির্মম শাসনের পর মসুলে তাদের প্রতি বিরোধিতা বেড়েছে।
ইইউর হুঁশিয়ারি: এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিরাপত্তাবিষয়ক কমিশনার জুলিয়ান কিং সতর্ক করে দিয়ে বলেছেন, সরকারি বাহিনী মসুল পুনরুদ্ধার করলে বিতাড়িত আইএস জঙ্গিরা ইউরোপে হাজির হতে পারে। তিনি বলেন, সেখান থেকে অল্পসংখ্যক জঙ্গিও ইউরোপে উপস্থিত হলে গুরুতর হুমকির সৃষ্টি করবে যে জন্য প্রস্তুত থাকতে হবে। জার্মানির পত্রিকা ডি ভেল্টকে জুলিয়ান কিং এ কথা বলেন।
আলেপ্পোয় রুশ হামলায় বিরতি: এদিকে রুশ বাহিনী গতকাল মঙ্গলবার সিরিয়ার আলেপ্পো শহরে সাময়িকভাবে বিমান হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মস্কোয় ক্রেমলিন জানায়, মানবিক কারণে বিমান হামলায় আট ঘণ্টার বিরতি দেওয়া হয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মস্কোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।