
ইরাকের মসুল শহর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে পুনর্দখলের পর ‘বিজয়’ ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। গতকাল রোববার ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর এ কথা জানায়। আইএসের সঙ্গে নয় মাসের লড়াই শেষে মুক্ত হয়েছে মসুল। তিন বছর আইএসের দখলে ছিল মসুল শহরটি।
গতকাল ইরাকের উত্তরাঞ্চলের শহর মসুল আইএসের হাত থেকে মুক্ত হওয়ার ঘোষণা এল। এর আগে মসুলে আইএসের পতন এবং ইরাকি বাহিনীর জয় কাছ থেকে দেখতে, সরকারি বাহিনীকে সাধুবাদ জানাতে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।
বলা হচ্ছে, মসুল জয় করা ইরাকি নিরাপত্তা বাহিনীর জন্য বিরাট এক সাফল্য। আর এটি আইএসের এযাবৎকালের সবচেয়ে বড় পরাজয়।
আইএস ২০১৪ সালের জুন মাসে মসুল দখল করে। এরপর সুন্নি আরব দেশটির বেশির ভাগ এলাকা দখলে নিয়ে ইরাক ও সিরিয়াজুড়ে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস। মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় সরকারি বাহিনীর অভিযানে দুই দেশেই একের পর এক এলাকা হারাতে থাকে আইএস। গত বছরের ১৭ অক্টোবর মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় মসুল পুনর্দখল অভিযান শুরু করে ইরাকি বাহিনী। গত জানুয়ারি মসুলে

পূর্বাঞ্চল দখলে নেয় তারা। পরের মাসে ইরাকি বাহিনী মসুলের পশ্চিমাংশ মুক্ত করার অভিযান শুরু করে। ইরাকি বাহিনী তাইগ্রিস নদীর পশ্চিম তীরের জনবহুল ওল্ড সিটিতে প্রবেশ করার পর এই লড়াই কঠিন রূপ নেয়। সাম্প্রতিক দিনগুলোতে মসুল ছেড়ে পালাতে যাওয়া আইএস যোদ্ধারা সরকারি বাহিনীর হাতে মারা পড়ে। গতকাল ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ড জানিয়েছে, নদী দিয়ে পালানোর সময় ‘৩০ জঙ্গিকে’ তারা হত্যা করেছে। যুদ্ধের শেষ দিনগুলোতে ওল্ড সিটিতে আটকা পড়া ছিল হাজার হাজার বেসামরিক লোকজন। এদের মধ্যে যারা পালাতে চেয়েছে অনেকেই জঙ্গিদের বোমায় নিহত হয়েছে। চলতি সপ্তাহে জাতিসংঘ জানায়, গত অক্টোবরে মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর পর ৯ লাখ ১৫ হাজার লোক শহরটি ছেড়ে পালিয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, মসুল সরকারি বাহিনী পুনর্দখল করায় ইরাকে আইএসের হুমকি একেবারে শেষ হয়ে গেছে তা নয়।