মসুল ছেড়ে পালাচ্ছে আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের গুরুত্বপূর্ণ মসুল শহরের পুনর্দখল নিতে বেশ জোরেশোরেই এগোচ্ছে সরকারি সেনারা। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি গতকাল বৃহস্পতিবার বলেন, তাঁদের এই অগ্রযাত্রা প্রত্যাশার চেয়েও বেশি।

আইএসের দখল থেকে মসুল পুনরুদ্ধারে গত সোমবার থেকে ইরাকি বাহিনীর নেতৃত্বে শুরু হয়েছে সর্বাত্মক অভিযান। প্রাণে বাঁচতে সেখানকার শত শত বাসিন্দা সিরিয়ায় পাড়ি জমানো শুরু করেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী–বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

এ অবস্থায় নগরীর ভবিষ্যৎ প্রসঙ্গে গতকাল প্যারিসে শুরু হয়েছে এক আন্তর্জাতিক বৈঠক। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে ইরাকি বাহিনীর ওই আশাতীত অগ্রগতির কথা জানান ইরাকি প্রধানমন্ত্রী। ফ্রান্স ও ইরাকের যৌথ উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে যুক্তরাষ্ট্র, তুরস্ক, উপসাগরীয় দেশগুলোসহ প্রায় ২০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। মসুল অভিযানের অগ্রগতি পর্যালোচনায় আগামী মঙ্গলবার প্যারিসে এ জোটের প্রতিরক্ষামন্ত্রীদের অনুষ্ঠেয় বৈঠকের আগে গতকাল ওই বৈঠক শুরু হলো।

বৈঠকে ইরাকি প্রধানমন্ত্রী আল-আবাদি বলেন, অভিযানে আইএসের কাছ থেকে মসুলের বেশ কিছু গ্রাম ও গুরুত্বপূর্ণ কিছু এলাকার পুনর্দখল নিয়েছে ইরাকি বাহিনী। তিনি আরও বলেন, ‘প্রত্যাশা ও পরিকল্পনার চেয়েও আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি।’

চলমান অভিযানের বিষয়ে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ-ইভস লা ড্রায়ান মঙ্গলবার সতর্ক করে বলেন, ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই শহরের পুনর্দখল নিতে কয়েক মাস লেগে যেতে পারে। আর ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকালের বৈঠকে বলেন, মসুল থেকে এরই মধ্যে আইএস সদস্যরা পালিয়ে প্রতিবেশী সিরিয়ায় রাকা শহরে চলে যেতে শুরু করেছে।

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের শক্ত ঘাঁটিগুলোর একটি এই রাকা শহর।

সোমবার থেকে শুরু হওয়া দীর্ঘ প্রতীক্ষিত এ অভিযানে অংশ নিচ্ছেন ইরাকি ও আন্তর্জাতিক বাহিনীর প্রায় ৩০ হাজার সেনাসদস্য। ২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে এখন পর্যন্ত এটাই ইরাকি বাহিনীর সবচেয়ে বড় অভিযান।