মসুল ছেড়ে পালাচ্ছে আইএস নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সরকারি বাহিনী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাতে অবরুদ্ধ মসুল শহরের আরও কাছাকাছি চলে যাওয়ায় শহরটি ছেড়ে পালিয়ে যাচ্ছে আইএস নেতারা। মার্কিন সেনাবাহিনী এ দাবি করেছে।
মার্কিন সেনাবাহিনীর জেনারেল গ্যারি ভলেস্কি বলেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ইরাকি বাহিনী এখন দ্রুত এগিয়ে যাচ্ছে।
গত বছরের জুন মাসে ইরাকের এই গুরুত্বপূর্ণ শহর দখল করে ফেলে আইএস। গত সোমবার থেকে সেখানে ইরাকের সরকারি বাহিনী ও তাদের সহযোগী কুর্দি বাহিনী শহরটি পুনর্দখলে অভিযান শুরু করেছে। এই শহরে পাঁচ হাজার আইএস যোদ্ধা রয়েছে বলে মনে করা হয়।
জেনারেল ভলেস্কি বলেন, ‘আমরা মসুলের বাইরে তৎ​পরতা ​লক্ষ করেছি। আইএস নেতারা শহর ছাড়ছে এর প্রমাণ আমরা পেয়েছি।’ কোন কোন নেতা শহর ছেড়েছে বা তারা কোথায় গেছে, এ নিয়ে কোনো তথ্য জানাননি জেনারেল ভলেস্কি।
আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদি কোথায় আছেন, সে বিষয়টি এখনো অজানা। কিছু সূত্র বলেছে, তিনি মসুলেই আছেন। আবার কারও দাবি, তিনি শহরটি ছেড়ে গেছেন।
জেনারেল ভলেস্কি ইরাকে আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর প্রধান। তিনি বলেন, ‘মসুলে আইএসে এসে যোগ দেওয়া অনেক বিদেশি যোদ্ধা রয়েছে বলে আমাদের ধারণা। কারণ, স্থানীয় যোদ্ধারা যত সহজে শহর ছাড়তে পারবে, এসব বিদেশির পক্ষে তা সহজ হবে না।’
আন্তর্জাতিক দাতব্য সংগঠন সেভ দ্য চিল্ড্রেন বলেছে, মসুল থেকে গত ১০ দিনে পাঁচ হাজার মানুষ সিরিয়া সীমান্তসংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছে।