মসুলকে আইএসমুক্ত করতে অভিযান শুরু

ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ শক্ত ঘাঁটি মসুল পুনরুদ্ধারে মার্কিন নেতৃত্বে অভিযান শুরু হয়েছে। নিনেভেহ গভার্নোরেটের এই রাজধানী শহরটি ২০১৪ সালে দখল করে নেয় আইএস। অভিযানে অংশ নিচ্ছেন তুরস্কে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় তিন হাজার ইরাকি সেনা। গতকাল সোমবার তথ্যটি জানিয়েছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কুতুমুস।
এর আগে সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছিল, এই তিন হাজার প্রশিক্ষিত ইরাকি সেনার মধ্যে অর্ধেক অভিযানে অংশ নিচ্ছেন। বাকি অর্ধেক অভিযানে অংশ না নিলেও প্রস্তুত রাখা হয়েছে।
এই মসুল শহরেই আইএসের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি খেলাফতের ঘোষণা দিয়েছিলেন। শহরটি পুনরুদ্ধার অভিযান শুরুর ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে আসে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির কাছ থেকে। গতকাল স্থানীয় সময় মধ্যরাতে টেলিভিশনে এক বক্তৃতায় তিনি বলেন, ‘বিজয়ের মুহূর্ত চলে এসেছে। আজ আমি দায়েশের (আইএস) কবল থেকে আপনাদের স্বাধীন করতে বীরোচিত অভিযান শুরুর ঘোষণা দিচ্ছি। আল্লাহ চাইলে, বিজয় আর আপনাদের পরিত্রাণ উদ্যাপনে আমরা মসুলে মিলিত হব।’
ঊর্ধ্বতন ইরাকি কর্মকর্তাবেষ্টিত অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, শুধু সরকারি বাহিনীই সুন্নি-অধ্যুষিত শহরটিতে প্রবেশ করবে। বিশ্লেষকেরা বলছেন, এ সিদ্ধান্তের কারণে মসুলে সাম্প্রদায়িক সংঘাত ছড়ানোর আশঙ্কার সৃষ্টি হলো।
তুরস্কে প্রশিক্ষিত ইরাকি সেনাসদস্য ছাড়াও এই অভিযানে অংশ নিচ্ছেন সরকারপন্থী বাহিনীর ৩০ হাজার সদস্য। মূল অভিযানের নেতৃত্বে রয়েছেন ইরাকি সেনারা। চার হাজার কুর্দি পেশমার্গা মিলিশিয়াও এতে অংশ নিচ্ছেন। তাঁরা মসুলের পূর্বাঞ্চলের গ্রামগুলোয় আইএস বিতাড়নে কাজ করছেন। উপজাতীয় সুন্নি যোদ্ধা এবং শিয়া নেতৃত্বাধীন আধাসামরিক বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেবেন। কয়েক দিনের মধ্যে ইরাকের এলিট সন্ত্রাস দমন বাহিনীর মসুল অভিযানে যোগ দেওয়ার কথা রয়েছে। মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী বিমান হামলা চালিয়ে অভিযানে সহায়তা করছে। এ ছাড়া স্থলবাহিনীকে তারা বুদ্ধি-পরামর্শও দিচ্ছে। এই বিশাল যৌথবাহিনী মোকাবিলায় আইএসের শক্ত ঘাঁটিটি ধরে রাখতে লড়াই করছে চার থেকে আট হাজার জঙ্গি।
ইরাকি সরকার ও যৌথবাহিনী বলেছে, অভিযানের শুরুতে গতকাল স্থানীয় সময় ভোর রাতের দিকে স্থলবাহিনী গোলা ছুড়তে শুরু করে। এরপর যৌথবাহিনীর ট্যাংকগুলো মসুল শহরের দিকে অগ্রসর হতে শুরু করে। কুর্দি বাহিনী দাবি করেছে, মসুলের দিকে অগ্রসর হওয়ার পথে তারা বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করেছে।
এদিকে জাতিসংঘ মসুলের ১৫ লাখ বাসিন্দার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ ছাড়া জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) গতকাল আশঙ্কা প্রকাশ করে বলেছে, মসুল পুনরুদ্ধারের এই অভিযানের কারণে প্রায় এক লাখ ইরাকি বাস্তুচ্যুত হতে পারেন। সংস্থাটি এক বিবৃতিতে ইরাকের জনগণের জন্য অতিরিক্ত আরও ৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার সহায়তা চেয়েছে। এই অর্থ তাঁবু, ক্যাম্প, শীতকালীন বস্ত্র ও অন্যান্য সরঞ্জাম এবং চুলা সরবরাহে ব্যয় হবে। বিবৃতিতে সংস্থাটি আরও বলে, মসুল অভিযানের কারণে নতুন করে যে এক লাখ ইরাকি শরণার্থীর জীবন বেছে নিতে বাধ্য হবেন; তাঁদের মধ্যে ৯০ হাজার জনকে সিরিয়ায় আশ্রয় দেওয়ার পরিকল্পনা চলছে।’
ইরাকে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক লিসে গ্র্যান্ডও শঙ্কা প্রকাশ করে বলেন, মসুল পুনরুদ্ধার অভিযানে ব্যাপক মানবিক বিপর্যয় ঘটতে পারে। তাঁর ধারণা, অভিযানের সময় ১০ লাখ ইরাকি ঘরছাড়া হবেন। আর নরওয়ের শরণার্থী কাউন্সিলের বেকি বকর আবদুল্লার আশঙ্কা—মসুল থেকে যেসব ইরাকি ঘরছাড়া হবেন, তাঁরা বড়জোর পরনের পোশাকটাই সঙ্গে নিতে পারবেন।