মসুলে আইএস ও ইরাকি বাহিনীর লড়াই চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে ইরাকের মসুল বিমানবন্দর পুনর্দখলে লড়াই চালাচ্ছে ইরাকি বাহিনী। গতকাল বৃহস্পতিবার অভিযান শুরুর পরপর বিমানবন্দরের রানওয়ের দখল থেকে আইএসকে হটিয়ে দিয়েছে ইরাকি বাহিনী।
ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্র টেলিভিশনে বলেন, বিমানবন্দরে তীব্র লড়াই হয়। পরে আইএস সদস্যরা পিছু হটে। পার্শ্ববর্তী আল-গাজলানি সামরিক চৌকি দখলেও অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানকে মসুল দখলের বড় অগ্রগতি হয়েছে বলে মনে করা হয়।
ঘটনাস্থলে থাকা বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, আইএস সদস্যরা রানওয়েটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়েছে। কিন্তু এটির নিয়ন্ত্রণ নেওয়া কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। এর ফলে শহরের পশ্চিমাংশে থাকা আইএস সদস্যরা আরও কোণঠাসা হয়ে পড়বে।
ইরাকের কাউন্টার টেররিজম সার্ভিসের (সিটিএস) মুখপাত্র সাবাহ আল নোমান বলেন, মসুল বিমানবন্দরের পুরো নিয়ন্ত্রণ নেওয়া এখন অল্প সময়ের ব্যাপার মাত্র।
গত মাসে ইরাকি বাহিনী মসুলের পূর্বাঞ্চল পুনর্দখল করেছে। তবে টাইগ্রিস নদীর পশ্চিমাঞ্চলে শক্ত ঘাঁটি গেড়ে বসে আছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সেখানে আটকে পড়েছে কয়েক লাখ বেসামরিক লোক। জাতিসংঘের হিসাবে এই সংখ্যা সাড়ে ছয় লাখ। ইতিমধ্যে দেড় লাখের বেশি বাসিন্দা প্রাণে বাঁচতে শহর ছেড়েছেন।
এবার পশ্চিমাংশ পুনর্দখলে নিতে গত রোববার ফেব্রুয়ারি আইএসের বিরুদ্ধে আটঘাট বেঁধে নামে ইরাকি বাহিনী।